সংবিধানের বাইরে গিয়ে কোন নির্বাচন নয়: আমু

আপডেট : ২৮ এপ্রিল ২০১৮, ১৭:০৬
শিল্পমন্ত্রী আমির হোসেন আমু বলেছেন, সংবিধান অনুযায়ী প্রধানমন্ত্রী শেখ হাসিনার অধিনেই আগামী জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। তিনি বলেন, ‘একটি দল সংবিধান অনুযায়ী নির্বাচন অনুষ্ঠানের বিরোধিতা করছে, আমেরিকার মত বড় বড় মোড়ল রাষ্ট্রের কাছে ধর্ণা দিচ্ছে। তবে কোন রাষ্ট্রের চাপে বা হুমকিতে সংবিধানের বাইরে গিয়ে কোন নির্বাচন অনুষ্ঠিত হবে না।’
 
আজ শনিবার বেলা ১২টায় জাতীয় আইনগত সহায়তা দিবস উপলক্ষে ঝালকাঠি জেলা জজ আদালত চত্বরে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন তিনি।
 
বর্তমান সরকার আইনের সংস্কার ও গরীব মানুষদের আইনগত সুবিধা দেয়ার জন্য নানা প্রকল্প বাস্তবায়ন করছে উল্লেখ করে শিল্পমন্ত্রী বলেন, আর্থিকভাবে অসচ্ছল ও দুস্থ মানুষের ন্যায় বিচার নিশ্চিত করতে আওয়ামী লীগ সরকারই দেশে প্রথম বিনামূল্যে আইনগত সহায়তা দেওয়ার কার্যক্রম শুরু করে। গরীব মানুষ এখন আর অর্থের অভাবে ন্যায় বিচার থেকে বঞ্চিত হয় না। 
 
লিগ্যাল এইডের প্যানেল আইনজীবীদের উদ্দেশ্যে তিনি বলেন, ‘আপনারা ভাল সম্মানীর বিনিময়ে যেমন মামলা পরিচালনা করেন ঠিক তেমনিভাবে লিগ্যাল এইডের মামলাও পরিচালনা করবেন। লিগ্যাল এইডের মামলাকে কম গুরুত্ব দেবেন না। মনে রাখবেন আপনার অবহেলার কারণে একজন গরীব মানুষ ন্যায় বিচার থেকে বঞ্চিত হতে পারে।’ বাসস।
 
ইত্তেফাক/এমআই