বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি ও সমাজকল্যাণ মন্ত্রী রাশেদ খান মেনন বলেছেন, বর্তমানে দেশের একটি বড় সমস্যা হচ্ছে মাদক, সন্ত্রাস আর সাথে যুক্ত হয়েছে জঙ্গিবাদ। আপনারা জানেন বাংলাদেশ এগিয়ে যাচ্ছে এবং একটি উন্নয়নশীল দেশে রূপান্তরিত হতে যাচ্ছে। আর যাদের উপর এই দ্বায়িত্ব সেই তরুণ সমাজ আজ একটি বিশেষ গোষ্ঠীর ইন্ধনে মাদকে হারিয়ে যাচ্ছে। তাদের ফিরিয়ে এনে মাদকের বিরুদ্ধে জিহাদ ঘোষণা করতে হবে।
ভাণ্ডারিয়ায় শহীদ মিনার প্রাঙ্গণে শনিবার মাদক, সন্ত্রাস ও দুর্নীতি বিরোধী এক সভায় তিনি এসব কথা বলেন। ওয়ার্কার্স পার্টির উপজেলা শাখা এ সভার আয়োজন করে।
তিনি আরো বলেন, সামনে নির্বাচন। সে নির্বাচনে কোন অশুভশক্তি যাতে মাথাচাড়া দিতে না পারে সে জন্য সকলকে সজাগ থাকতে হবে।
সভায় উপস্থিত ছিলেন ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় নেতা নজরুল হক নীলু, পিরোজপুরের প্রধান সংগঠক সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান খান মো. রুস্তুম আলী, উপজেলা সাধারণ সম্পাদক মো. আবুল কালাম হাওলাদার প্রমুখ।
ইত্তেফাক/আরকেজি
