ব্রিজের পাটাতন দেবে ঢাকা-ভূঞাপুর সড়কে যান চলাচল বন্ধ

আপডেট : ২৯ এপ্রিল ২০১৮, ০২:৩৬

ভূঞাপুর-ঢাকা সড়কের কালিহাতী উপজেলার শ্যামপুর বেইলি ব্রিজের পাটাতন দেবে যাওয়ায় যান চলাচল বন্ধ হয়ে গেছে।

এতে চরম ভোগান্তিতে পড়তে হয়েছে ওই সড়ক দিয়ে চলাচলকারী সাধারণ মানুষের। তবে শনিবার ঝুঁকিপূর্ণ ব্রিজের মেরামত কাজ শুরু করেছে টাঙ্গাইল সড়ক ও জনপথ বিভাগ।

সরেজমিনে দেখা গেছে, শ্যামপুর বেইলি ব্রিজের উত্তর পাশের দুটি পাটাতন দেবে গেছে। ফলে টাঙ্গাইল ভূঞাপুর-ঢাকা সড়ক দিয়ে চলাচলকারী সকল যাত্রীবাহী বাস এবং মালবাহী যানবাহনগুলোর যাতায়াত বন্ধ হয়ে যায়।

ক্ষতিগ্রস্ত এ ব্রিজ দিয়ে জামালপুর জেলার তারাকান্দিসহ টাঙ্গাইলের কালিহাতী, ঘাটাইল ও ভূঞাপুর উপজেলার হাজার হাজার মানুষ প্রতিদিন চলাচল করেন। এছাড়া তারাকান্দি সার কারখানায় যাতায়াতের প্রধান সড়কও এটি।

টাঙ্গাইল সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী আমিমুল এহসান জানান, ক্ষতিগ্রস্ত শ্যামপুর বেইলি ব্রিজের মেরামতের কাজ চলছে। খুব দ্রুতই ছোট যানবাহনের পাশাপাশি যাত্রীবাহী ও মালবাহী পরিবহন চলাচল স্বাভাবিক হয়ে যাবে।

ইত্তেফাক/নূহু