খুলনায় পাটকল শ্রমিকদের রাজপথ-রেলপথ অবরোধ

আপডেট : ২৯ এপ্রিল ২০১৮, ১০:৪১
 
খুলনায় শ্রমিকদের মজুরি কমিশন বাস্তবায়ন, বদলি শ্রমিক স্থায়ীকরণ, বকেয়া মজুরি প্রদানসহ ১১ দফা দাবিতে বাংলাদেশ রাষ্ট্রায়ত্ত পাটকল সিবিএ-নন সিবিএ শ্রমিক-কর্মচারী ঐক্য পরিষদের ডাকে রাজপথ-রেলপথ কর্মসূচি পালিত হচ্ছে। পূর্ব ঘোষিত এ কর্মসূচি অনুযায়ী রবিবার সকাল নয়টায়  শ্রমিক-কর্মচারীরা স্ব স্ব মিল থেকে বিক্ষোভ মিছিল নিয়ে নগরীর নতুন রাস্তার মোড়ে জড়ো হয়। এ কর্মসূচি চলবে দুপুর ১২টা পর্যন্ত।
 
খালিশপুর শিল্পাঞ্চলের ক্রিসেন্ট, প্লাটিনাম, খালিশপুর, দৌলতপুর  ও স্টার জুট মিলের শ্রমিকরা নতুন রাস্তা মোড়ে এবং আটরা শিল্পাঞ্চলের ইস্টার্ন ও আলীম জুট মিলের শ্রমিমকরা মিলের সামনে খুলনা-যশোর মহাসড়ক অবরোধ করেছেন। শ্রমিকরা রাজপথ-রেলপথ অবরোধ করায় মিলে উত্পাদন বন্ধ রয়েছে।
 
পাটকল সিবিএ-ননসিবিএ শ্রমিক-কর্মচারী ঐক্য পরিষদের যুগ্ম আহবায়ক দ্বীন ইসলাম বলেন, বিজেএমসির অন্যান্য মিলের ন্যায় সুযোগ সুবিধা প্রদানসহ ১১ দফা দাবিতে  আমরা আন্দোলন করে আসছি। আমাদের দাবি মানা হচ্ছে না। এ কারণে আমরা শ্রমিকরা সিদ্ধান্ত নিয়েছি সিটি কর্পোরেশনের ভোট কেন্দ্রে যাবো না।
 
তিনি বলেন, তিন মাস মজুরি পাই না। খেয়ে না খেয়ে চলছে শ্রমিকদের জীবন। আগামী ৪ মে শ্রমিক সমাবেশের পর নতুন কর্মসূচি ঘোষণা করা হবে।
 
ইত্তেফাক/এএম