মহাভারতের যুগে ইন্টারনেট, অভিনেত্রী ঐশ্বরিয়া রাই বচ্চনের সঙ্গে তুলনা করে ডায়না হেডেনের চেহারা নিয়ে কটাক্ষ, মেকানিকেল ইঞ্জিনিয়ারদের নয়, সিভিল ইঞ্জিনিয়ারদেরই সিভিল সার্ভিস আসা উচিৎ- এমন নানা বিতর্কিত মন্তব্য করে এই কয়েকদিনে একাধিকবার সংবাদ শিরোনামে এসেছেন বিপ্লব দেব।
এবার সরকারি চাকরি নিয়ে মুখ খুলে বিতর্কে বিপ্লব। রবিবার এক অনুষ্ঠানে তিনি ত্রিপুরার তরুণ প্রজন্মকে পরামর্শ দিয়েছেন, নিজেদের অমূল্য সময় নষ্ট করে সরকারি চাকরির জন্যে বিভিন্ন রাজনৈতিক নেতাদের পিছনে না ছুটে, অন্যভাবে পয়সা রোজগারের ভাবনা-চিন্তা করা উচিৎ তাদের। সরকারি চাকরির বিকল্প হিসেবে, বিপ্লব দেবের পরামর্শ তরুণ প্রজন্ম পানের দোকান খুলুন বা গরু কিনে দুই দুইয়ে টাকা রোজগার করুন। তাতে তার মতে দশ বছরে একজন ১০ লাখ টাকা রোজগার করতে সক্ষম হবেন। কেউ যদি পানের দোকান খোলেন, তাহলে তার এখনই পাঁচ লক্ষ টাকা ব্যাঙ্ক ব্যালেন্স হয়ে যাবে।
ত্রিপুরার মুখ্যমন্ত্রীর মতে, একজন শিক্ষিত ভারতীয়র সরকারি চাকরির পিছনে না ছুটে, প্রধানমন্ত্রী মুদ্রা যোজনার আওতায় নিজের ব্যবসা শুরু করা উচিৎ। কিন্তু তার এই বক্তব্য ভালোভাবে গ্রহণ করেনি তরুণ প্রজন্ম।
ইত্তেফাক/ইউবি
