মানিকগঞ্জে মাদক সেবনে বাধা দেয়ায় নারী শ্রমিক (৪০) গণধর্ষণের শিকার হয়েছেন। সদর উপজেলার জয়রা এলাকায় শুক্রবার রাতে এ গণধর্ষণের ঘটনা ঘটে।
এ ঘটনায় ৪জনকে আসামি করে শনিবার মামলা করেছেন নির্যাতিতা। পুলিশ জুয়েল (৩০) ও সাদ্দাম (২৫) নামের দুই আসামিকে গ্রেফতার করেছে।
নির্যাতিত ওই নারী জানান, তিনি জয়রা এলাকায় একটি টিনসেট বাড়িতে ভাড়া থাকেন। রাজমিস্ত্রির সহযোগি হিসেবে দিনমজুরির কাজ করেন।
তিনি আরো জানান, এলাকার চিহ্নিত মাদকসেবী জুয়েল (৩০), ওয়াসিম (৩০), রিফাত (২৯) ও সাদ্দাম (২৫) শুক্রবার দুপুরে তার বাড়িতে এসে মাদকসেবন করতে চান। এসময় তিনি বাধা দিলে তাকে দেখে নিবেন বলে তারা হুমকি দিয়ে যান। রাত ১১টার দিকে ওই যুবকরা দরজা ভেঙ্গে তার ঘরে ঢুকেন এবং তাকে গণধর্ষণ করেন। পরে তিনি বিষয়টি অন্যদের জানান।
মানিকগঞ্জ সদর থানার ওসি মো. রকিবুজ্জামান জানান, গ্রেফতারকৃত দুই আসামিকে রবিবার আদালতে নেয়া হলে তাদের জেল হাজতে পাঠিয়েছেন বিচারক। পলাতক দুই আসামিকে গ্রেফতারে চেষ্টা চলছে।
ইত্তেফাক/আরকেজি
