কেসিসি: জাপা ও ইসলামী আন্দোলনের মেয়র প্রার্থীর ইশতেহার

আপডেট : ০১ মে ২০১৮, ১৫:০৯
খুলনা মহানগরীতে সুশাসন প্রতিষ্ঠাকে প্রাধান্য দিয়ে খুলনা সিটি কর্পোরেশন নির্বাচনে জাতীয় পার্টির (জাপা) মেয়র প্রার্থী এসএম শফিকুর রহমান ১৫ দফা এবং ইসলামী আন্দোলনের প্রার্থী অধ্যক্ষ মাওলানা মুজাম্মিল হক ২৫ দফার নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছেন। 
 
সোমবার দুপুরে খুলনা প্রেসক্লাবে পৃথক সংবাদ সম্মেলনের মাধ্যমে এই দুই প্রার্থী তাদের নির্বাচনী ইশতেহার ঘোষণা করেন। 
 
জাপা প্রার্থীর এসএম শফিকুর রহমানের (মুশফিক) নির্বাচনি ইশতেহারে দেয়া অঙ্গীকারের মধ্যে রয়েছে, সুশাসন প্রতিষ্ঠা, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতকরণ, পরিকল্পনা ও পরামর্শক কমিটি গঠন, সিটি করপোরেশনকে দুর্নীতিমুক্ত করা, মাদকাসক্তদের তাবলীগের সাথী করা এবং প্রতিটি থানায় নিরাময় কেন্দ্র গড়ে তুলে ফ্রি চিকিৎসার মাধ্যমে মহানগরীকে মাদকমুক্ত নগরী হিসেবে গড়ে তোলা, নারী অধিকার প্রতিষ্ঠায় সহায়তা প্রদান, নগরবাসীর স্বাস্থ্যসেবা নিশ্চিতকরণ, নগরীর সড়ক উন্নয়ন ও বর্জ্য-বৃষ্টির পানি নিষ্কাশন, শিক্ষা ব্যবস্থার উন্নয়ন, সুইমিং পুল স্থাপন, মহানগরীতে বিনোদন পার্ক, চিড়িয়াখানা, উদ্যান ও বৃক্ষ সংরক্ষণ, কেসিসিতে নতুন আয়ের উৎস সৃষ্টি, শিক্ষাবৃত্তি ও গুণীজন সম্মাননা, খেলাধুলার উন্নয়ন, নগরীর খালিশপুর, দৌলতপুর ও রূপসা শিল্পাঞ্চল পুনরুজ্জীবন ও বেকারত্ম দূরীকরণে পদক্ষেপ গ্রহণ এবং বিবিধ।
 
অপরদিকে মাওলনা মুজাম্মিলের হকের ২৫ দফা ইশতেহারের মধ্যে রয়েছে নগরীতে ন্যায় বিচার ও নাগরিক সেবা প্রতিষ্ঠা, স্বাস্থ্য সেবার উন্নয়ন, শিক্ষা ব্যবস্থার মান উন্নয়ন, সুপরিকল্পিত বর্জ্য ব্যবস্থাপনা, খালিশপুরে নতুন শিল্পাঞ্চল গঠন, জননিরাপত্তা নিশ্চিতকরণ, নগর পরিকল্পনা ও প্রশাসন, সমাজ সেবার পূর্ণ ব্যবস্থা, প্রযুক্তি নির্ভর খুলনা গঠন, দুর্নীতি, সন্ত্রাস ও মাদকমুক্ত সমাজ গঠন, বৃদ্ধাশ্রম তৈরি ও বয়স্কভাতা প্রদান, বেকারদের কর্মসংস্থান ও দারিদ্র বিমোচন, ক্রীড়া, সাংস্কৃতিক উন্নয়ন ও বিনোদন, সংখ্যালঘু ও অবহেলিত জনগোষ্ঠীর মান-উন্নয়ন, নারী ও শিশুদের ন্যায্য অধিকার এবং মর্যাদা প্রতিষ্ঠা, সুপরিকল্পিত নগরী গঠন, মুক্তিযোদ্ধা ও গুণীজন নাগরিক সম্মাননা, নিরাপদ সড়ক গঠন ও যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন, হোল্ডিং ট্যাক্স ও বাড়িভাড়া কমানোর ব্যবস্থা গ্রহণ, পানি ও পয়ঃনিষ্কাশন ও সুপেয় পানি সরবরাহ এবং মসজিদভিত্তিক সমাজ গঠন।
 
ইত্তেফাক/এমআই