২০১৬ সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে রুশ হস্তক্ষেপ তদন্তকারী স্পেশাল কাউন্সেল রবার্ট এস. মুয়েলার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে কমপক্ষে চার ডজন প্রশ্ন জিজ্ঞেস করতে চান। রাশিয়ার সঙ্গে ট্রাম্পের সম্পর্ক সম্বন্ধে আরো পরিষ্কার ধারণা পাওয়া ও ট্রাম্প নিজে তদন্তে বাধার সৃষ্টি করেছিলেন কিনা, সে বিষয়ে নিশ্চিত হওয়ার জন্য এই প্রশ্নের তালিকা তৈরি করেছেন মুয়েলার। যুক্তরাষ্ট্রভিত্তিক প্রভাবশালী পত্রিকা দ্য নিউইয়র্ক টাইমস ওই তালিকা তাদের হাতে পেয়েছে।
এক প্রতিবেদনে পত্রিকাটি জানিয়েছে, মুয়েলারের প্রশ্নগুলো এমনভাবে তৈরি করেছেন যাতে করে এগুলোর মাধ্যমে প্রেসিডেন্টের চিন্তার ভেতর অনুপ্রবেশ করা যায়। এছাড়া, তিনি টুইট করার সময় কি উদ্দেশ্য নিয়ে টুইট করেন এবং তার পরিবার ও ঘনিষ্ঠ উপদেষ্টাদের সঙ্গে তার সম্পর্ক কিরকম, এসব নিরীক্ষা করার জন্যও প্রশ্নগুলো তৈরি করা হয়েছে। তালিকায়, ট্রাম্পের প্রভাবশালী এফবিআই পরিচালক জেমস কমি ও তার প্রথম জাতীয় নিরাপত্তা উপদেষ্টাকে বরখাস্ত করা; অ্যাটর্নি জেনারেল জেফ সেশনের প্রতি তার আচরণ ও ২০১৬ সালে ট্রাম্প টাওয়ারে তার প্রচারণা শিবিরের কর্মকর্তা ও রুশ নাগরিকের মধ্যকার বৈঠক সম্পর্কিত প্রশ্ন রয়েছে।
মুয়েলার প্রেসিডেন্টের ব্যবসায়িক জীবন নিয়েও প্রশ্ন তৈরি করেছেন। এগুলোর মধ্যে রয়েছে, তার ব্যক্তিগত আইনজীবী মাইক্যাল ডি. কোহেন এর সঙ্গে মস্কোতে একটি রিয়েল স্টেট চুক্তি নিয়ে করা আলোচনা; প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার সময় তার জামাতা জারেড কুশনার রাশিয়ায় কোন সম্পর্ক স্থাপন করেছিল কিনা; ডেমোক্রেটিক ই-মেইল হ্যাকিং সম্বন্ধে গোপন তথ্য আছে এমন দাবিদার রজার জে. স্টোন জুনিয়রের সঙ্গে তার কোন যোগাযোগ হয়েছিল কিনা; এছাড়া ২০১৩ সালে মিজ ইউনিভার্স অনুষ্ঠানে যোগ দেয়ার জন্য তার মস্কো সফর সম্বন্ধেও জিজ্ঞেস করতে চান মুয়েলার।
উল্লেখ্য, প্রায় এক বছর আগে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে রুশ হস্তক্ষেপ তদন্ত করার জন্য মুয়েলারকে নিয়োগ দেয়া হয়। নিউইয়র্ক টাইমসের প্রতিবেদনে বলা হয়, নিয়োগ পাওয়ার পর থেকে এখন পর্যন্ত তার তদন্ত সম্বন্ধে সবচেয়ে বিস্তৃত ধারণা পাওয়া যায় এই প্রশ্নের তালিকা থেকে। সম্প্রতি ১০ পৃষ্ঠাভর্তি প্রশ্নের তালিকাটি ট্রাম্পের আইনজীবীকে পাঠিয়েছেন মুয়েলার। এই প্রশ্নগুলোর বিষয়ে যোগাযোগ করা হলে মন্তব্য করতে অস্বীকৃতি জানান ট্রাম্পের আইনজীবী জে সেকুলো ও স্পেশাল কাউন্সেলের কার্যালয়।
ইত্তেফাক/জেআর/কেআই
