আগামী জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি গ্রহণ করার জন্য আওয়ামী লীগ নেতা-কর্মীদের প্রতি আহ্বান জানিয়ে বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, যথাসময়ে আগামী সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনকালীন সরকার প্রধান থাকবেন বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সব দলের অংশগ্রহণে এবারের নির্বাচন অনুষ্ঠিত হবে।
মঙ্গলবার দুপুরে মহান মে দিবস উপলক্ষে জেলা শ্রমিকলীগের আয়োজনে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। জেলা শ্রমিকলীগ সভাপতি মো. আবু তাহের সভায় সভাপতিত্ব করেন।
তোফায়েল বলেন, এ দেশে আর তত্বাবধায়ক সরকার আসবে না। বর্তমান সরকার অন্তবর্তীকালীন সরকার হিসাবে দৈনন্দিন কাজ করবে। নির্বাচন পরিচালনা করবে নির্বাচন কমিশন। সেই নির্বাচনে ভোলায় আওয়ামীলী গের নেতৃত্বে ঘরে ঘরে দূর্গ গড়ে তোলার আহ্বান জানান মন্ত্রী।
বাণিজ্যমন্ত্রী বলেন, যারা অতীতে নির্বাচনে অংশ নেননি, নিশ্চয়ই তারা তাদের ভুল উপলব্ধি করেছেন। আগামীতে যদি তারা নির্বাচনে অংশগ্রহণ না করে তবে তাদেরই ভুল হবে। আগামী নির্বাচন হবে অংশগ্রহণমূলক।
ইত্তেফাক/ইউবি
