তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছেন, শ্রমিকরা নীতি ও আদর্শের প্রতি শ্রদ্ধাশীল। জীবন বিসর্জন দিয়েও শ্রমিকরা বিগত দিন থেকে তাদের ন্যায্য অধিকার আদায়ের সংগ্রাম করে আসছেন। বর্তমান সরকার বিগত দিনে যেভাবে মেহনতী শ্রমিকের পাশে ছিল এখনও আছে আর ভবিষ্যতেও থাকবে।
সিংড়া বাসটার্মিনালে মঙ্গলবার সকাল ৯টার দিকে উপজেলা শ্রমিক ঐক্য পরিষদের আয়োজনে র্যালি পরবর্তী আলোচনা সভায় তিনি এসব কথা বলেছেন।
তিনি বলেছেন, শ্রমিকরা শোষিত জাতি নয়। শ্রমিকের সন্তানরা শ্রমিক হবে না, শিক্ষিত হয়ে জজ-ব্যরিস্টার, ডাক্তার, রাজনীতি ও প্রযুক্তিবিদ হবে।
উপজেলা রিকশা-ভ্যান চালক শ্রমিক ইউনিয়ন ও উপজেলা শ্রমিকলীগের সভাপতি জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশ সংযুক্ত শ্রমিক ফেডারেশন কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক এসএম বাদল। আরো বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান শফিকুল ইসলাম শফিক, পৌরসভার মেয়র মো. জান্নাতুল ফেরদৌস, উপজেলা নির্বাহী অফিসার সদ্বীপ কুমার সরকার প্রমুখ।
ইত্তেফাক/আরকেজি
