চুমু-আলিঙ্গনে জেল জরিমানার বিধানও আছে ভারতে

আপডেট : ০২ মে ২০১৮, ১৯:৫৩
পশ্চিমবঙ্গে এক তরুণ যুগল প্রকাশ্যে আলিঙ্গন করে রীতিমতো গণ ধোলাইয়ের শিকার হয়েছেন। এরপর থেকে এ নিয়ে পক্ষে বিপক্ষে বিভিন্ন আলোচনা-সমালোচনা হচ্ছে। কলকাতার প্রগতিশীলরা গণধোলাইয়ের শিকার যুগলের পক্ষে দাঁড়ালেও রক্ষণশীলরা বলছেন, আলিঙ্গন একটি ব্যক্তিগত বিষয়, তা প্রকাশ্য দিবালকে না করাটাই শ্রেয়। 
 
তবে ভারতের আইনেও কিন্তু এ ধরনের প্রকাশ্যে আলিঙ্গন বা চুমুতে রয়েছে জেল-জরিমানার বিধান। রাজ্য ভেদে শাস্তির পরিমাণে যদিও কিছুটা ভিন্নতা আছে। কলকাতাভিত্তিক একটি সংবাদমাধ্যম চুমু বা আলিঙ্গনে ভারতে রাজ্যভেদে কি বিধান আছে তা নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছে। 
যেমন- রাজধানী নয়াদিল্লিতে ভারতের রাজধানীতে প্রেমিক যুগলরা প্রকাশ্যে আলিঙ্গনরত অবস্থায় ধরা পড়লে ৫০ টাকা জরিমানা করে পুলিশ। অনেক সময় বাড়িতে জানিয়ে দেয়ার হুমকি দিয়ে পুলিশ ঘুষও নেয়। মুম্বাইতে কোনও যুগলকে প্রকাশ্যে চুমু অথবা আলিঙ্গনরত অবস্থায় ধরলে ১৯৫১ সালের বোম্মে পুলিশ আইন অনুযায়ী মামলা রুজু করতে পারে। 
 
কলকাতায় যৌন অভিব্যক্তি নিয়ে কোনও যুগল প্রকাশ্যে চুমু অথবা আলিঙ্গন করলে তা আইনত অপরাধ। কোনও ‘লাভার পয়েন্টে’ চুমু অথবা আলিঙ্গনে প্রতিবেশীর আপত্তি থাকলে সেক্ষেত্রে আইনি ব্যবস্থা নিতে পারে পুলিশ। বেঙ্গালুরুতে প্রকাশ্যে ঘনিষ্ঠ অবস্থায় ধরা পড়লে পুলিশ অভিযুক্তকে জিজ্ঞাসাবাদ করে।
 
হায়দরাবাদে যুগলদের অতি ঘনিষ্ঠতায় আটকে ২৪ ঘণ্টা নজরদারি চালানো হয়। পুণেতে প্রকাশ্যে চুমু অথবা আলিঙ্গনে ভারতীয় দণ্ডবিধির ২৯৪ ধারা অনুযায়ী অশ্লীলতার অভিযোগে অভিযুক্তকে গ্রেফতার করতে পারে পুলিশ। দোষ প্রমাণ হলে কারাদণ্ডও হতে পারে। আমেদাবাদে বিপি আইন অনুযায়ী গুজরাটে প্রকাশ্যে চুমু এবং আলিঙ্গন বেআইনি। 
 
এক্ষেত্রে ব্যতিক্রমও আছে। যেমন- লাক্ষ্নোতে প্রকাশ্যে চুমু অথবা আলিঙ্গনে কোনও নির্দিষ্ট আইনি বাধা নেই। প্রেমিকদের স্বর্গরাজ্য চেন্নাইও আলিঙ্গনে একেবারেই উদার। 
 
ইত্তেফাক/কেআই