ভারতে সাংবাদিক হত্যা মামলায় ছোটা রাজন দোষী সাব্যস্ত

আপডেট : ০৩ মে ২০১৮, ১১:৫৭
 
ভারতের একটি আদালত একজন সাংবাদিককে হত্যার দায়ে বুধবার কুখ্যাত অপরাধী ছোটা রাজন ও অপর সাত জনকে দোষী সাব্যস্ত করেছে। সাত বছর আগে মুম্বাইয়ে ওই জ্যেষ্ঠ সাংবাদিককে হত্যা করা হয়। আদালত এ মামলায় অভিযুক্ত এক নারী সাংবাদিকসহ অপর দু’জনকে বেকসুর খালাস দিয়েছে। খবর এএফপি’র।
 
ওই অপরাধী চক্রের সদস্যরা ২০১১ সালের ১১ জুন ক্রাইম রিপোর্টার জ্যোতির্ময় দে’কে প্রকাশ্যে গুলি করে হত্যা করে। তিনি অপরাধীদের বিভিন্ন কর্মকাণ্ড নিয়ে প্রতিবেদন লিখতেন।
 
প্রসিকিউটররা জানান, অপরাধী চক্রের অন্যতম শীর্ষ নেতা রাজনের নির্দেশে জ্যোতির্ময়কে হত্যা করা হয়। রাজনের বিরুদ্ধে প্রতিবেদন লেখায় সে এ সাংবাদিকের ওপর ক্ষুব্ধ ছিল।
 
ভারতের বাণিজ্যিক রাজধানী মুম্বাইয়ের একটি বিশেষ আদালত ৫৬ বছর বয়সী ওই সাংবাদিককে হত্যার নির্দেশ দেয়ার প্রমাণ পাওয়ায় রাজনকে দোষী সাব্যস্ত করেছে। এছাড়া আদালত চার শুটারসহ ওই হত্যাকাণ্ডে জড়িত আট সহকারীকেও দোষী সাব্যস্ত করেছে।-বাসস।
 
ইত্তেফাক/মোস্তাফিজ