জিন্নাকে ভারতে সম্মান করা উচিৎ নয় : আদিত্যনাথ

আপডেট : ০৩ মে ২০১৮, ১৭:৩০
মহম্মদ আলি জিন্নার ছবি বিতর্ক আরো উসকে দিলেন ভারতের উত্তরপ্রদেশ মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ৷ তিনি বলেন, ভারতের মাটিতে দাঁড়িয়ে মহম্মদ আলি জিন্নাকে কোনোভাবে সম্মান করা যাবে না৷ 
 
ইতিমধ্যেই জিন্না বিতর্কে উত্তাল আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়৷ সংঘ পরিবারের ছাত্র সংগঠন ক্যাম্পাসে ঢুকে প্রতিবাদ করে। তাদের দাবি, অবিলম্বে পাকিস্তানের স্রষ্টার ছবি সরিয়ে ফেলতে হবে৷ তাদের বাধা দিতে গেলে শুরু হয় ছাত্র সংঘর্ষ৷ ঘটনার জেরে পরিস্থিতি উত্তপ্ত৷ 
 
তারই মাঝে মুখ্যমন্ত্রীর এই বক্তব্য বিতর্ক আরো উসকে দিয়েছে৷ একটি জাতীয় সংবাদ মাধ্যমে সাক্ষাৎকার দেয়ার সময় আদিত্যনাথ বলেন, ভারতকে দুভাগ করেছিলেন মহম্মদ আলি জিন্না৷ সেই জিন্নাকে কীভাবে ভারতীয়রা ভালো ভাবে নেবে? বিশ্ববিদ্যালয়ে কেন এ রকম ঘটনা ঘটল, তার তদন্ত করবে রাজ্য সরকার৷
 
শুক্রবারের মধ্যে গোটা ঘটনার তদন্ত রিপোর্ট চলে আসবে বলে জানিয়েছেন তিনি৷ যদিও, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে আজীবন সদস্যদের প্রত্যেকের ছবি বিশ্ববিদ্যালয়ে রাখা হয়েছে৷ তাদের মধ্যে জিন্নাও রয়েছেন৷ এটাই বিশ্ববিদ্যালয়ের ঐতিহ্য৷ এখানে হঠাৎ বিতর্ক ওঠায় বেশ বেকায়দায় আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়৷ 
 
প্রসঙ্গত, বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংগঠনের কার্যালয়ে থাকা জিন্নার ছবি ঘিরে বিতর্ক বাধে৷ বিজেপির স্থানীয় সাংসদের মতে এই ছবি অবিলম্বে সরিয়ে ফেলা উচিৎ৷ কারণ জিন্না ছিলেন ভারত ভাগের কারিগর এবং পাকিস্তান জাতির জনক৷ কলকাতা ২৪x৭
 
ইত্তেফাক/ইউবি