জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেছেন, শিশু অধিকার সুরক্ষায় সংসদ সদস্যদের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে।
বৃহস্পতিবার ঢাকায় প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে ইউনিসেফ আয়োজিত ‘সাউথ এশিয়া পার্লামেন্টারিয়ান প্ল্যাটফরম ফর চিলড্রেন’ র্শীর্ষক দুদিনব্যাপী অনুষ্ঠানের উদ্বোধনী পর্বে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন।
স্পিকার শিশু শ্রম দূরীভূত করে তাদেরকে উন্নয়নের মূল স্রোতধারায় সম্পৃক্ত করায় ভূমিকা রাখতে দক্ষিণ এশিয়ার সংসদ সদস্যদের প্রতি আহ্বান জানান।
এ সময় তিনি শিশু অধিকার রক্ষায় জনসচেতনতা বৃদ্ধি করতে দক্ষিণ এশিয়ার সংসদ সদস্যদের কাজ করে যাওয়ার আহ্বান জানিয়ে বলেন, এ অঞ্চলের এক দেশ অন্য দেশের সঙ্গে অভিজ্ঞতা বিনিময় করে শিশু দারিদ্র কমিয়ে আনার ক্ষেত্রে পদক্ষেপ নিতে পারে।
স্পিকার বলেন, শিশুদের উন্নয়নে সংসদ সদস্যরা সংসদীয় স্থায়ী কমিটির মাধ্যমে ফলপ্রসূ পদক্ষেপ নিতে পারেন। বিশেষ করে মহিলা ও শিশু বিষয়ক, শিক্ষা, প্রাথমিক শিক্ষা ও অর্থমন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটিগুলো শিশু দারিদ্র কমিয়ে আনতে সুপারিশমালা প্রণয়ন করতে পারে। শিশু বান্ধব বাজেট প্রণয়নের মাধ্যমে ঝরে পড়া শিশুদের নগদ অর্থ প্রণোদনা দিয়ে তাদেরকে বিদ্যালয়মূখী করা যেতে পারে। ফলশ্রুতিতে শিশু শ্রম হ্রাস পাবে এবং সামগ্রিক দারিদ্র উন্নয়ন সূচকে উন্নতি হবে।
ইউনিসেফ এর দক্ষিণ এশিয়ার রিজিওনাল ডেপুটি ডিরেক্টর ফিলিপ কোরির সঞ্চালনায় দক্ষিণ এশিয়ার রিজিওনাল ডিরেক্টর মিজ জেন গফ ও সার্কের সোশ্যাল অ্যাফেয়ার্স ডিরেক্টর রিশফা রাশেদ বক্তব্য রাখেন। বাসস
ইত্তেফাক/ইউবি
