পর্নো অভিনেত্রীর মুখ বন্ধ রাখতে টাকা দেয়ার কথা স্বীকার করেছেন ট্রাম্প

আপডেট : ০৪ মে ২০১৮, ১৫:৪৩
পর্নো অভিনেত্রী স্টর্মি ড্যানিয়েলস এর মুখ বন্ধ রাখতে তাকে টাকা দিয়েছেন এবং তা বৈধভাবেই দেয়া হয়েছে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ঐ অভিনেত্রী যেন ট্রাম্পের সঙ্গে যৌন সম্পর্কের কথা গোপন রাখেন সে জন্য তাকে ২০১৬ সালে ট্রাম্পের আইনজীবী মাইকেল কোয়েন ১ লাখ ৩০ হাজার ডলার দিয়েছিলেন বলে জানুয়ারিতে একটি পত্রিকায় খবর বের হয়।
 
ঐ উকিল সেকথা স্বীকার করলেও, প্রেসিডেন্ট ট্রাম্প দাবি করে আসছিলেন এরকম টাকাপয়সা দেয়ার কথা তিনি জানেনই না। এর আগে মার্কিন সংবাদমাধ্যমে নিউইয়র্কের সাবেক মেয়র রুডি জুলিয়ানি প্রকাশ করে দেন যে, ওই অভিনেত্রীর মুখ বন্ধ রাখতে ট্রাম্পের আইনজীবী তাকে যে টাকা দিয়েছিলেন, তা আবার তাকে শোধ করে দিয়েছেন ট্রাম্প।
 
জানুয়ারি মাসে ওয়াল স্ট্রিট জার্নাল পত্রিকায় খবর বের হয়, ২০০৬ সাল পর্যন্ত ঐ অভিনেত্রীর সঙ্গে সম্পর্ক রেখেছিলেন মি ট্রাম্প। তারপর ২০১৬ সালের নির্বাচনের প্রচারণা শুরুর আগে তার মুখ বন্ধ করতে তার আইনজীবী মাইকেল কোয়েনের হাত দিয়ে গোপনে ঐ অভিনেত্রীকে ১৩০,০০০ ডলার দিয়েছিলেন ট্রাম্প, এ খবর দেয় পত্রিকাটি। তারপর সাংবাদিকের জেরার মুখে জুলিয়ানি বলেন, টাকাটা দিয়েছিল একটি ল ফার্ম। প্রেসিডেন্ট পরে সেই পাওনা শোধ করে দেন। একেকবারে ৩৫ হাজার ডলার করে কিস্তিতে টাকা দেয়া হয়।
 
রুডি জুলিয়ানি আরো বলেন, তিনি প্রেসিডেন্টের সঙ্গে কথা বলেই এ সাক্ষাতকার দিচ্ছেন। প্রেসিডেন্ট ট্রাম্প নিজেও এ সাক্ষাৎকার প্রচারের পরে এক টুইট বার্তায় বলেন, কোয়েন যে অর্থ পেয়েছেন তা রিপাবলিকান শিবিরের প্রচারাভিযানের টাকা ছিল না এবং তা দিয়ে দু’ব্যক্তির মধ্যে একটি তথ্য গোপন রাখার চুক্তি হয়েছিল। ট্রাম্প টুইটে আরো লেখেন, বিখ্যাত এবং ধনী ব্যক্তিদের মধ্যে এরকম ঘটনা প্রায়ই হয়ে থাকে। তিনি টুইটে বলেন, ক্লিফোর্ড (স্টর্মি ড্যানিয়েলসের আসল নাম) যাতে মিথ্যা বলে টাকা আদায় করতে না পারেন সে জন্যই এ চুক্তি। বিবিসি।
 
ইত্তেফাক/সেতু