ইডেন গার্ডেনে বৃহস্পতিবার রাতে আইপিএল এর গ্রুপ পর্বের ম্যাচে চেন্নাই সুপার কিংসকে ৬ উইকেটে হারিয়েছে কলকাতা নাইট রাইডার্স। ১৭৭ রানের বড় পুঁজি পেলেও কলকাতাতে আটকাতে পারেনি ধোনির দল। ১৪ বল হাতে রেখেই জিতে গেছে দিনেশ কার্তিকেরা। কলকাতার জয়ে চেন্নাইকে টপকে শীর্ষে ওঠে গেছে সাকিবের দল সানরাইজার্স হায়দ্রাবাদ।
মাঠ ছোট হওয়ায় শুরুতে ব্যাট করার সিদ্ধান্ত নেননি কলকাতা অধিনায়ক দিনেশ কার্তিক। যদিও তার এমন সিদ্ধান্ত সঠিক বলে মনে হচ্ছিল না চেন্নাইয়ের দারুণ ব্যাটিংয়ে। সব ব্যাটসম্যানই রান পেয়েছেন। উদ্বোধনী জুটিতে শেন ওয়াটসন ও ফাফ ডু প্লেসিসের জুটিতে আসে ৪৮ রান। প্লেসিস ২৭ রানে ফিরলে আরো কিছুক্ষণ রানের যোগান দিয়ে ওয়াটসন ফেরেন ৩৬ রানে। এরপর রায়না ও রাইডু রানের চাকা সচল রেখে ফিরে যান যথাক্রমে ৩১ ও ২১ রানে। অপরাজিত ইনিংস খেলে ঝড় তুলেন অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। ২৫ বলে করেন ৪৩ রান। যাতে ছিল ১টি চার ও ৪টি ছয়। শেষ পর্যন্ত ৫ উইকেট হারিয়ে ১৭৭ রান তুলে চেন্নাই সুপার কিংস।
তবে কলকাতাকে জেতানোর আসল কাজটা সেরেছেন শুভমান গিল ও অধিনায়ক কার্তিক। ১২তম ওভারে গিলের সঙ্গে জুটি বেঁধেছিলেন কার্তিক। সেই ওভার শেষে জয় থেকে ৪৮ বলে ৭৭ রানের দূরত্বে পিছিয়ে ছিল কলকাতা। ১৬তম ওভার শেষে তা নেমে আসে ২৪ বলে ২৩ রানের সহজ দূরত্বে। এরপর জয়ের বাকি কাজটুকু সহজেই সেরে নেন দুজন। এই ম্যাচে কলকাতার স্পিন বিভাগই ছিল তাদের মূল অস্ত্র। ১২ ওভারে রান হজম করেছে ৮৯। বিনিময়ে ৫ উইকেট নেন নারাইন, পীযুষ চাওলা ও কুলদিপ যাদব। ম্যাচসেরা হন বল হাতে দুই উইকেট ও ব্যাট হাতে ওপেনিংয়ে ৩২ রান করা সুনীল নারাইন।
৯ ম্যাচ থেকে ১২ পয়েন্ট সংগ্রহ করা চেন্নাই এই হারে শীর্ষস্থান থেকে নেমে আসল টেবিলের দুইয়ে। অন্যদিকে ৮ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে ফিরল সানরাইজার্স। দুই দলের পয়েন্ট সমান হলেও নেট রানেতে চেন্নাইয়ের (০.৩৫৪) থেকে সানরাইজার্স (০.৫১৪) এগিয়ে। ৯ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে টেবিলের তিনে কলকাতা।
ইত্তেফাক/সেতু
