বিজেপিমুক্ত ভারত চাই না: রাহুল গান্ধী

আপডেট : ০৪ মে ২০১৮, ০৪:৪৯
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কথায় বার বার কংগ্রেস মুক্ত ভারতের কথা উঠে আসলেও, বিজেপি মুক্ত ভারতের কথা ভাবতে রাজি নন রাহুল গান্ধী। একটি ইংরেজি দৈনিককে দেয়া সাক্ষাৎকারে কংগ্রেস সভাপতি বলেছেন, ‘বিজেপির সঙ্গে রাজনৈতিকভাবে লড়তে চাই। ওদের হারাতে চাই। কিন্তু বিজেপি মু্ক্ত ভারত চাই না।’
 
কর্ণাটক ভোটের দিন যত এগিয়ে আসছে, ততই একে অন্যের বিরুদ্ধে সুর চড়াচ্ছে কংগ্রেস ও বিজেপি। রাহুলের কথায়, ‘কর্ণাটক হোক কিংবা গুজরাট, প্রধানমন্ত্রীর অঙ্গুলি হেলনে যে দেশ চলতে রাজি নয়, সেটা সব জায়গা থেকেই স্পষ্ট হয়ে যাচ্ছে।’ তার দাবি, ‘মোদীর নিজের রাজ্য গুজরাটে বিজেপি ধাক্কা খেয়েছে। কর্ণাটকে পর্যদুস্ত হবে। তার পর ছত্তীসগঢ়, মধ্যপ্রদেশ এবং রাজস্থানের পালা।’
 
বিজেপিকে বাস্তব ধরে নিয়ে তিনি বলেছেন, ‘প্রধানমন্ত্রীর কুর্সিকে আমি সম্মান করি। আপনারা দেখবেন, যে ভাষায় উনি কথা বলেন, সেই ভাষায় আমি কথা বলি না। আমি এটাও বলছি যে, বিজেপির মতাদর্শ ভারতে রয়েছে, এটা বাস্তব ঘটনা। এ জন্য আমি কখনোই বিজেপি মুক্ত ভারতের কথা ভাবি না।’ মোদীর বিরুদ্ধে তোপ দেগে রাহুল বলেছেন, ক্ষমতায় আসার পর মোদী নতুন কর্মসংস্থান সৃষ্টি করতে পারেননি। কৃষকদের স্বার্থ রক্ষা ও দুর্নীতি দমনে তিনি ব্যর্থ হয়েছেন। এর প্রভাব কর্ণাটকের ভোটে পড়বে বলেও মনে করছে কংগ্রেস। টাইমস অব ইন্ডিয়া।
 
ইত্তেফাক/সেতু