সিরিয়ায় সরকারি বাহিনীর বোমা হামলা ও হস্তক্ষেপে দুর্বল হয়ে দেশটির তৃতীয় বৃহৎ শহরের নিকটবর্তী ঘাঁটি ছেড়ে যেতে রাজি হয়েছে বিদ্রোহী দল। সাত বছর ধরে সরকারি বাহিনীর সঙ্গে যুদ্ধ করার পর হোমস শহরের উত্তরে অবস্থিত হৌলা, রাস্তান ও তালবিসেহ শহর ছেড়ে যাচ্ছে তারা। এ খবর দিয়েছে আল জাজিরা।
খবরে বলা হয়, বিদ্রোহীদের ছেড়ে যাওয়া শহরগুলিতে এখন থেকে স্থাপন করা হবে সরকারি প্রতিষ্ঠান। স্থানীয় আল-ইখবারিয়া টিভি’র এক খবরে বৃহস্পতিবার বলা হয়েছে, বিদ্রোহীরা রুশ-পৃষ্ঠপোষকতায় প্রস্তাবিত চুক্তি মেনে সিরিয়ার উত্তরাঞ্চলে সরে যেতে রাজি হয়েছে। সিরিয়ার মিত্র লেবাননের হিজবুল্লাহ পরিচালিত একটি সামরিক গণমাধ্যম ইউনিট বলেছে, সিরিয় সেনাবাহিনী ও সশস্ত্র দলগুলো রাশিয়ার পৃষ্ঠপোষকতায় একটি চুক্তিতে পৌঁছেছে। চুক্তি অনুসারে সশস্ত্র দলগুলো বিদায় নেবে।
বৃহস্পতিবার সিরিয়ার রাষ্ট্র পরিচালিত বার্তা সংস্থা সানার এক খবরে বলা হয়, বাবলিয়া, ইয়ালদা ও বেইত শাম শহরগুলোতে খালি বাস প্রবেশ করছে। এরপরই বিদ্রোহীদের আত্মসমর্পণের খবর প্রকাশিত হয়। সানার খবরে বলা হয়, রবিবার সিরিয়া সরকার ও সন্ত্রাসী দলগুলোর মধ্যে স্বাক্ষরিত এক চুক্তি অনুসারে প্রায় ৫ হাজার সন্ত্রাসী ও তাদের পরিবারের বিদায় নেয়ার কথা রয়েছে।
IMG0
বিদ্রোহীদের ঠিক কোন অংশ স্থানত্যাগ করতে চলেছে সে বিষয়ে সানার খবরে স্পষ্ট করে কিছু বলা হয়নি। তবে সিরিয়া সরকার সকল সশস্ত্র বিরোধীকেই ‘সন্ত্রাসী’ বলে আখ্যায়িত করে।
ইত্তেফাক/জে আর
