চিত্রনায়ক অনন্ত জলিল আবারো চলচ্চিত্রে ফিরছেন। এটি অনন্ত জলিল ভক্তদের জন্য অবশ্যই সুখের বার্তা। এ প্রসঙ্গ নিয়ে ইত্তেফাক বিনোদন প্রতিদিনের সাথে অনন্ত জলিল কথা বললেন। সেই বার্তাই তুলে ধরা হলো—
এদেশের ডিজিটাল চলচ্চিত্র বা এক কথায় ঝকঝকে ছবি, এডিটিংয়ের মান বা আকর্ষণীয় ফাইট দৃশ্য আপনার হাত ধরেই শুরু হয়েছে। একইসাথে প্রচলিত বাজেট অতিক্রম করে ছবি নির্মাণ করেছেন। কিন্তু মাঝে হঠাৎ বিরতি দিলেন?
এটাকে ঠিক বিরতি বলবো না। আমি বলবো সময়ের প্রয়োজনেই আমি কিছুটা দূরে ছিলাম। তবে চলচ্চিত্র পরিবার থেকে কিন্তু আমি কখনোই দূরে সরে যাইনি। যেকোনো সুবিধা-অসুবিধায় আমি পাশে ছিলাম আছি থাকবো।
ছবির নাম ও গল্প নিয়ে কিছু জানতে চাই—
ইসলাম নিয়ে ছবিটি তৈরি হবে। আমাদের আসলে চলচ্চিত্র নিয়ে অনেককিছু বলার আছে, ইসলাম প্রসঙ্গে। আশেপাশের অগণিত অপব্যাখ্যার মাঝে আমরা একটি দারুণ মেসেজ রেখে যেতে চাই। ছবির নাম ‘দ্বীন দ্য ডে’। আমি মনে করি সব ধরনের দর্শকদের এটি নজর কাড়বে এবং সামাজিক মূল্যবোধ, জীবনযাপনের ক্ষেত্রে এটি কাজে দেবে। ইরান ও মরক্কো থেকে নায়িকাসহ বেশকিছু কলাকুশলী নেওয়া হবে। এর পাশাপাশি টেকনিশিয়ানসহ চলচ্চিত্র কারিগরি মানের ব্যাপারেও ইরান, তুরস্ক, মরক্কোর টিম কাজ করবে। আমার প্রতিটি ছবিতেই একটি মেসেজ থাকে। এই ছবিতেও থাকবে গুরুত্বপূর্ণ একটি মেসেজ।
অনন্তর অ্যাকশনকে অনেকেই পর্দায় মিস করে। সেক্ষেত্রে এই ছবিতে অ্যাকশন দৃশ্য থাকবে কি-না?
অবশ্যই থাকবে। আমার ভক্ত দর্শকদের জন্যই ছবিটি নির্মাণ করা। তবে সামগ্রিকভাবে আরো বড় প্রেক্ষাপট ও গভীর একটি মেসেজ দিতেই ছবিটি তৈরি করছি।
ইত্তেফাক/মোস্তাফিজ
