ঝড়-বৃষ্টি উপেক্ষা করে ভোটের মাঠে প্রার্থীরা

আপডেট : ০৫ মে ২০১৮, ০১:০৬

গত কয়েকদিনের অব্যাহত বৈশাখী ঝড়ো হাওয়া ও বৃষ্টিতে গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচনে বিভিন্ন মেয়র ও কাউন্সিলর প্রার্থীদের প্রচার-প্রচারণায় সাময়িক বিঘ্ন ঘটলেও থেমে নেই তাদের নির্বাচনী প্রচারণা। প্রাকৃতিক দুর্যোগ উপেক্ষা করেই মেয়র ও কাউন্সিলর প্রার্থীরা দলবল নিয়ে ছুটে বেড়াচ্ছেন ভোটারদের দ্বারে দ্বারে। গতকাল শুক্রবার জুমার নামাজের দিনও ঝড় বৃষ্টির কমতি ছিল না। তা সত্ত্বেও প্রার্থীরা তাদের নির্বাচনী তত্পরতা চালিয়ে গেছেন। বিশেষ করে মেয়র পদে আওয়ামীলীগ মনোনীত মেয়র প্রার্থী জাহাঙ্গীর আলম ও বিএনপি মনোনীত মেয়র প্রার্থী হাসান উদ্দিন সরকারের নির্বাচনী প্রচার-প্রচারণা চলছে জোরেশোরে। দলীয় নেতাকর্মী-সমর্থকদের নিয়ে তারা চষে বেড়াচ্ছেন সিটির বিভিন্ন এলাকা।

এবার মেয়র পদে নির্বাচনের বিশেষত্ব হচ্ছে নবীন-প্রবীণের লড়াই। মেয়র পদে আওয়ামীলীগের প্রার্থী জাহাঙ্গীর আলম অপেক্ষাকৃত তরুণ প্রার্থী। তিনি গাজীপুর মহানগর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এবং সদর উপজেলা পরিষদের নির্বাচিত সাবেক ভাইস চেয়ারম্যান। গত সিটি নির্বাচনেরও তিনি মেয়র পদে মনোনয়ন চেয়েছিলেন। কিন্তু তার বদলে দলীয় মনোনয়ন পান মহানগর আওয়ামীলীগের সভাপতি অ্যাডভোকেট আজমত উল্লাহ খান।

অপরদিকে বিএনপি মনোনীত মেয়র প্রার্থী হাসান উদ্দিন সরকার অপেক্ষাকৃত প্রবীণ। তিনি সত্তরোর্ধ একজন অভিজ্ঞ রাজনীতিবিদ। তিনি টঙ্গী পৌরসভার প্রতিষ্ঠাকালীন থেকে দুই মেয়াদে চেয়ারম্যান ছিলেন। এছাড়া তিনি দুই বার সংসদ সদস্য এবং গাজীপুর জেলা পরিষদের চেয়ারম্যানের দায়িত্ব পালন করেন। মূলত মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা হবে এ দুই জন প্রার্থীর মধ্যেই। নিজের পক্ষে বিজয় ছিনিয়ে আনতে দু’জনই মরিয়া হয়ে নির্বাচনী মাঠকে সরগরম করে তুলেছেন। দুজনই আদাজল খেয়ে সর্ব শক্তি নিয়োগ করে ভোটযুদ্ধে অবতীর্ণ হয়েছেন। তারা সিটির প্রতিটির ওয়ার্ডের প্রত্যন্ত এলাকায় গণসংযোগে ব্যস্ত সময় পার করছেন।

রাজনৈতিক ও নির্বাচন সংশ্লিষ্ট সকল মহলেই জোর আলোচনা চলছে এ দুজন প্রার্থীকে ঘিরেই। এদের নিয়ে ভোটারদের মধ্যেও আলোচনা সমালোচনার কমতি নেই। আলোচনার বিষয়ই হচ্ছে কে পাবেন বিজয়ের বর মাল্য? তবে এদের দু’জনের মধ্যে যে হাড্ডাহাড্ডি লড়াই হবে এ নিয়ে দ্বিমত নেই কারো। সবার ধারণা নবীন-প্রবীণের লড়াই হবে তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ। এখন সবার লক্ষ্য নির্বাচনের ফলাফলের দিকে। আগামি ১৫ মে নির্ধারিত হবে এ দুই প্রার্থীর ভাগ্য।

জাহাঙ্গীর আলমের প্রচারণা: শুক্রবার আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী জাহাঙ্গীর আলম নগরীর ৫১ নম্বর ওয়ার্ডের সাতাইশ কেন্দ ীয় জামে মসজিদে জুমার নামাজ আদায় করেন। তিনি জুমার নামাজের পূর্বে ৫০ ও ৫১ নম্বর ওয়ার্ডের কাজী মোজাম্মেল হক সড়ক এবং সাতাইশ রোডে গণসংযোগ করেন। তিনি গাজীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে, সিকদার মার্কেট, বাইগার টেক, সাতাইশ রোডের ভিয়েলাটেক্স কারখানার সামনে, খরতৈল মোড়, সাতাইশ চৌরাস্তা মোড়ে পথসভায় বক্তব্য রাখেন। বিকেলে ৫৫ নম্বর ওয়ার্ডের মিলগেটে পথসভার মাধ্যমে তার প্রচারণার শুরু হয়। তিনি লামাবাজার, মুন্নু গেট, স্টেশন রোড, নোয়াগাঁও, তিস্তার গেট, হকের মোড়, দত্তপাড়া চেরাগ আলী মার্কেটের সামনে গণসংযোগ ও পথসভায় বক্তব্য রাখেন।

গণসংযোগকালে উপস্থিত ছিলেন সাবেক সংসদ সদস্য কাজী মোজাম্মেল হক, মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মতিউর রহমান মতি, সাংগঠনিক সম্পাদক কাজী ইলিয়াস আহমেদ, অধ্যক্ষ মহিউদ্দিন মহি, উপদেষ্টা জালাল উদ্দিন মাষ্টার, টঙ্গী থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রজব আলী, ময়মনসিংহ সমন্বয় পরিষদের সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান টিটু, যুবলীগ নেতা কাজী শহিদুল ইসলাম, সাইফুল ইসলাম, মহানগর জাতীয় পার্টি সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন প্রমুখ। আওয়ামী লীগের কেন্দ্রীয় ত্রাণ ও সমাজকল্যান বিষয়ক সম্পাদক সুজিত রায় নন্দিসহ নেতৃবৃন্দ নগরীর ৪২ নম্বর ওয়ার্ডের বিভিন্ন এলাকায় গণসংযোগ করেন।

হাসান উদ্দিন সরকারের প্রচারণা: ঝড় বৃষ্টি উপেক্ষা করে হাসান উদ্দিন সরকার ও তার পক্ষে ২০ দলীয় জোটের নেতাকর্মীরাও নগরীর বিভিন্ন ওয়ার্ডে গণসংযোগ করে ভোটারদের কাছে ভোট প্রার্থনা করেছেন গতকাল। বিভিন্ন পথ সভায় হাসান উদ্দিন বলেন, জীবনের শেষ বয়সে এসে  সকলকে সঙ্গে নিয়ে গাজীপুরবাসীকে একটি আধুনিক, পরিচ্ছন্ন ও পরিকল্পিত নগর উপহার দিতে চাই। এ জন্য তিনি নগরীর সকল নাগরিকদের কাছে ধানের শীষ প্রতীকে ভোট প্রার্থনা করেন।

বিএনপির কেন্দ ীয় নেতা ও মিডিয়া সেলের প্রধান ডা. মাজহারুল আলম জানান, হাসান উদ্দিন সরকার সকাল ৯টার দিকে ভাওয়াল গাজীপুর রেল স্টেশন এলাকায় প্রচার কাজ শুরু করেন। পরে তিনি ভাওরাইদ, হাতিয়াব, পোড়াবাড়ি এলাকায় প্রচারণা শেষে বাংলা বাজার জামে মসজিদে জুমার নামাজ আদায় করেন। এসময় তাঁর সঙ্গে ছিলেন জেলা বিএনপির সভাপতি ফজলুল হক মিলন, সাধারণ সম্পাদক কাজী ছাইয়েদুল আলম বাবুল, বিএনপি নেতা শাহজাহান ফকির, নাজিম উদ্দিন, সাখাওয়াত হোসেন সেলিম, এড. সুলতান উদ্দিন, এড. সিদ্দিকুর রহমান, ফজলুল হক, জেলা যুবদলের সভাপতি এড. এমদাদ খান, সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক। একই দিন চান্দনা চৌরাস্তা এলাকায় জেলা বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক মোঃ সোহরাব উদ্দিন, সদর থানা বিএনপির সাধারণ সম্পাদক সুরুজ আহমেদ, সাংগঠনিক সম্পাদক বশির আহমেদ বাচ্চুসহ দলীয় নেতাকর্মীরা গণসংযোগ ও প্রচারপত্র বিলি করেন।

ইসলামী ঐক্যজোট প্রার্থীর গণসংযোগ:ইসলামী ঐক্যজোট মনোনীত মেয়র পদপ্রার্থী মাওলানা ফজলুর রহমান গতকাল ১৯নং ওয়ার্ডের সালনা এলাকায় ওলামায়ে কেরামের সাথে বৈঠক করেন। পরে তিনি কোনাবাড়ি আমবাগ, নছের মার্কেট, হাজী মার্কেট, নূর মার্কেট এলাকায় গণসংযোগ ও প্রচারপত্র বিলি করেন।

সিপিবি’র মেয়র প্রার্থীর ইশতেহার ঘোষণা: গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচনে ৯ দফা উন্নয়ন কর্মপরিকল্পনা গ্রহণ করে ইশতেহার ঘোষণা করেছেন বাংলাদেশ কমিউনিস্ট পার্টির (সিপিবি) মনোনীত মেয়র প্রার্থী কাজী মো. রুহুল আমিন। গতকাল সকালে শহরের রাজবাড়ী রোডে জেলা কমিটির কার্যালয়ে প্রেস ব্রিফিং করে তিনি এ ইশতেহার ঘোষণা করেন। এ  সময় উপস্থিত ছিলেন গাজীপুর জেলা সভাপতি কমরেড জয়নাল আবেদীন খান, কমিউনিস্ট পার্টি কেন্দ ীয় কমিটির সাধারণ সম্পাদক কমরেড সাজ্জাদ জহির চন্দন, সম্পাদক কমরেড রুহিন হোসেন প্রিন্স, আহসান হাবিব লাবলু, বাসদের কেন্দ ীয় নেতা বজলুর রশিদ ফিরোজ প্রমুখ।

ইত্তেফাক/নূহু