সাহারা মরুভূমির গভীরে, আলজেরিয়ো সীমান্তের কাছে প্রতি বছর আয়োজন করা হয় ভিন্নধর্মী এক ম্যারাথনের। এই ম্যারাথনের নাম সাহারা ম্যারাথন। এই ম্যারাথন এখন আর সাধারণ প্রতিযোগিতার মধ্যে সীমাবদ্ধ নেই, এটি পরিণত হয়েছে প্রতিবাদ জানানোর এক মাধ্যমে। চার দশক আগে নিজ ভূমি থেকে নির্বাসিত হয়েছিল সাহারাউয়ির কয়েক লাখ মানুষ। সেই ঘটনার প্রতিবাদ জানানো আর প্রিয় মাতৃভূমির স্বাধীনতার দাবিতে প্রতি বছর আলজেরিয়ায় সাহারা মরুভূমিতে ম্যারাথনে অংশ নেন নির্বাসিত মানুষ ও তাদের বংশধররা।
ম্যারাথনে অংশ নিয়েছিলেন মরক্কোর জাতীয় দলের হয়ে আন্তর্জাতিক পুরস্কার জেতা অ্যাথলেট সালাহ আমেদান। সালাহ আমেদান সাহারাউয়িতে বড় হলেও বারো বছর বয়স থেকে তিনি মরক্কোয় খেলাধুলা শুরু করেন। ২০০০ সালে একটি প্রতিযোগিতার পুরস্কার থেকে তাকে বঞ্চিত করা হলে তিনি অবহেলার বিষয়টি উপলব্ধি করেন। এর চার বছর পর ফ্রান্সে একটি দৌড় প্রতিযোগিতায় নিষিদ্ধ সাহারাউয়ি পতাকা উড়ানোর মধ্য দিয়ে প্রতিবাদ জানান আর সাহারাউয়ির স্বাধীনতার প্রতি সমর্থন জানান। এরপর থেকেই তাকে নিষিদ্ধ করা হয় মরক্কোয়। পতাকা ওড়ানো প্রসঙ্গে আমেদান বলেন, পতাকা ওড়ানোর সময় আমি অনেকটা স্বাধীনতার স্বাদ পেয়েছিলাম। আর প্রথমবার অনেক দায়িত্বও অনুভব করি। সাহারা মরুভূমিতে ম্যারাথনে অংশগ্রহণ প্রসঙ্গে তিনি বলেন, আমি আমার পরিবারের সদস্যদের জন্য দৌড়াচ্ছি, যাদের বহুদিন দেখতে পাই না।
১৯৭৫ সালে পশ্চিম সাহারা মরুভূমির সাহারাউয়ি এলাকাটি নিয়ন্ত্রণে নিয়ে নিয়েছিল মরক্কো। তখন থেকেই অসংখ্য সাহারাউয়ি মানুষ প্রতিবেশী দেশগুলোতে আশ্রয় নিয়েছিল। দখলীকৃত এই এলাকাটিকে নিজেদের দক্ষিণ প্রদেশ বলে দাবি করে মরক্কো। প্রায় ৪৩ বছর আগে রক্তক্ষয়ী সংঘর্ষের পর এলাকাটি নিয়ন্ত্রণে নেয় মরক্কো। সেই যুদ্ধের পর কয়েক লাখ মানুষ সাহারাউয়ি ছেড়ে প্রতিবেশী দেশ আলজেরিয়ায় আশ্রয় নেয়। আলজেরিয়ায় ছয়টি শরণার্থী শিবিরে বাস করছেন এখন তারা। যদিও এসব শরণার্থীর বেশিরভাগের পরিবার এখনো বাস করছেন সাহারাউয়িতে। শরণার্থী শিবিরে থাকা মানুষরা চাইলে তাদের জন্মভূমিতে ফিরতে পারে না। এমনকি বাবা-মা মারা গেলেও শেষ দেখা দেখার সুযোগ পান না তারা।
জন্মভূমির স্বাধীনতা নিয়ে এসব মানুষের স্বপ্ন ধীরে ধীরে ফিকে হয়ে আসতে শুরু করেছে। কারণ ২৫ বছর আগে এই ভূখণ্ডের স্বাধীনতার প্রশ্নে জাতিসংঘ গণভোট আয়োজনের প্রতিশ্রুতি দিলেও আজ পর্যন্ত সেই ভোটের দেখা মেলেনি। একারণে অনেক সাহারাউয়ি আবারো অস্ত্র হাতে তুলে নেওয়ার কথা ভাবছেন।-বিবিসি
ইত্তেফাক/নূহু
