ইংল্যান্ডে অনুষ্ঠিত স্থানীয় নির্বাচনের অধিকাংশ ফল ঘোষণা করা হয়েছে। রাজনৈতিক দলগুলো তাদের আশাতীত ফল না পেলেও সন্তোষ প্রকাশ করেছে। ব্রিটিশ প্রধানমন্ত্রী থেরেসা মে’র দলের আসন আগের চেয়ে কমেছে। বেড়েছে বিরোধী লেবার পার্টির আসন। যদিও তাদের সাফল্য আশাতীত নয় বলে বিশ্লেষকরা জানিয়েছেন। খবর বিবিসি’র
১৫০টি কাউন্সিলের মধ্যে গতকাল শুক্রবার ১৪৮টির ফল ঘোষণা করা হয়েছে। এর মধ্যে লেবার পার্টি ২ হাজার ২৭৩ আসনে জয় পেয়েছে যা আগেরবারের চেয়ে ৫৮টি বেশি। থেরেসা মে’র দল কনজারভেটিভ পার্টি বা টোরি দল পেয়েছে ১ হাজার ৩২১টি যা আগের চেয়ে ৩০টি কম। লিব ডেমস এর জয় হয়েছে ৫৩৩টিতে। আগের চেয়ে দলটি ৭৬টি আসন বেশি পেয়েছে। গ্রিনস পেয়েছে ৩৫টি (আগের চেয়ে ৫টি বেশি) এবং ইউকিপ তিনটি আসনে জয় পেয়েছে। গতবারের চেয়ে তাদের আসন কমেছে ১২৩টি।
টোরি দলের হাত থেকে গুরুত্বপূর্ণ আসন ছিনিয়ে নিতে ব্যর্থ হলেও লেবার পার্টির নেতা জেরেমি করবিন বলেছেন, তার দল স্থানীয় নির্বাচনে বড় ধরনের জয় পেয়েছে। দলটি প্লাইমাউথে জয় পেয়েছে এবং ট্রাফোর্ডে বড় রাজনৈতিক দল হিসেবে খ্যাতি পেয়েছে। বার্নেট, ব্যাসিলডন এবং পিটারবোরাফে জয় পাওয়ায় থেরেসা মে দলের প্রশংসা করেছেন।
ইত্তেফাক/মোস্তাফিজ
