সোমবার নয়াপল্টনে বিএনপির সমাবেশ

আপডেট : ০৬ মে ২০১৮, ১২:৫৮
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি এবং তার সুচিকিৎসা নিশ্চিতের দাবিতে আগামীকাল সোমবার রাজধানী ঢাকাসহ সারাদেশে সমাবেশের ঘোষণা দিয়েছে দলটি।
 
আজ রবিবার সকালে ১১টায় রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী এই সমাবেশের ঘোষণা দেন।
 
রিজভী বলেন, মিথ্যা ও সাজানো মামলায় কারাবন্দি বিএনপি চেয়ারপারসনের স্বাস্থ্য প্রতিদিন অবনতি হচ্ছে। আমরা তার মুক্তি এবং সুচিকিৎসা নিশ্চিতের দাবিতে আগামীকাল ঢাকাসহ সারাদেশে সমাবেশের ঘোষণা করছি। ঢাকার সমাবেশটি আগামীকাল দুপুর ২টায় দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে অনুষ্ঠিত হবে। তবে গাজীপুর ও খুলনায় সিটি করপোরেশন নির্বাচনের কারণে মহানগর দুটিতে সমাবেশ হবে না।
 
তিনি বলেন, সমাবেশের অনুমতি চেয়ে পুলিশ কমিশনারকে আমরা অবহিত করেছি। সিটি করপোরেশনের সঙ্গেও কথা বলেছি।
 
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আবুল খায়ের ভূইয়া, যুগ্ম-মহাসচিব খায়রুল কবির খোকন, সহ-দফতর সম্পাদক মুনির হোসেন, তাইফুল ইসলাম টিপু, বেলাল আহমেদ প্রমুখ।
 
ইত্তেফাক/কেকে