গোদাগাড়ীতে পুলিশ পরিচয়ে টাকা ও মোবাইল ছিনতাই

আপডেট : ০৬ মে ২০১৮, ২০:২১
রাজশাহীর গোদাগাড়ীতে পুলিশ পরিচয়ে টাকা ও মোবাইল ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। রবিবার দুপুর আড়াইটার দিকে রাজশাহী-চাপাই নবাবগঞ্জ মহাসড়কে সুলতানগঞ্জ মেলাপাড়া নামক স্থানে এ ঘটনা ঘটে।
 
স্থানীয় সৃত্রে জানা যায়, সাহিদা খাতুন (২০) নামে এক নারী অটোবাইকে যাচ্ছিলেন। এ সময় দুই ছিনতাইকারী মোটরসাইকেলে এসে নিজেদের পুলিশ পরিচয় দিয়ে অটোবাইকের গতিরোধ করে। তারা সাহিদা খাতুনকে থানায় যাওয়ার কথা বলে টানা-হেঁচড়া করতে থাকে। নারী যাত্রীটি 'থানায় কেন যাবেন' জানতে চাইলে তর্কাতর্কি শুরু হয়। এক পর্যায়ে ছিনতাইকারী দুজন সাহিদা খাতুনের ভ্যানিটি ব্যাগ কেড়ে নিয়ে চলে যায়।
 
সাহিদ বলেন, তার ভ্যানিটি ব্যাগে একটি মোবাইল ও ৬ হাজার ৬৬ টাকা ছিল।  গোদাগাড়ী সোনালী ব্যাংক শাখা থেকে টাকা উত্তোলন করে অটো বাইকযোগে বাড়ি ফিরছিলেন। পরে সাহিদা খাতুন ছিনতাইয়ের ঘটনায় থানায় একটি অভিযোগ দায়ের করেন।
 
এ প্রসঙ্গে গোদাগাড়ী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি তদন্ত) আলতাব হোসেন বলেন, অভিযোগটি তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে। সাহিদা খাতুনের ধারণা ছিনতাইকারীরা ব্যাংক থেকে সাহিদা খাতুনকে অনসরণ করা শুরু করে।
 
ইত্তেফাক/নূহু