সারাদেশে বিএনপির সমাবেশ সোমবার

আপডেট : ০৬ মে ২০১৮, ২০:২৯
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি এবং তার সুচিকিৎসা নিশ্চিতের দাবিতে সোমবার রাজধানী ঢাকাসহ সারা দেশে সমাবেশের ঘোষণা দিয়েছে দলটি। 
 
রবিবার নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী এই সমাবেশের ঘোষণা দেন।
 
রিজভী বলেন, মিথ্যা ও সাজানো মামলায় কারাবন্দি বিএনপি চেয়ারপারসনের স্বাস্থ্য প্রতিদিন অবনতি হচ্ছে। আমরা তার মুক্তি এবং সুচিকিৎসা নিশ্চিতের দাবিতে ঢাকাসহ সারাদেশে সমাবেশের ঘোষণা করছি। ঢাকার সমাবেশ সোমবার দুপুর ২টায় দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে অনুষ্ঠিত হবে। তবে খুলনায় সিটি করপোরেশন নির্বাচনের কারণে মহানগর দুটিতে সমাবেশ হবে না।
 
তিনি বলেন, সমাবেশের অনুমতি চেয়ে পুলিশ কমিশনারকে আমরা অবহিত করেছি। সিটি করপোরেশনের সাথেও কথা বলেছি।
 
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আবুল খায়ের ভূইয়া, যুগ্ম-মহাসচিব খায়রুল কবির খোকন, সহ-দপ্তর সম্পাদক মুনির হোসেন, তাইফুল ইসলাম টিপু, বেলাল আহমেদ প্রমুখ।
 
ইত্তেফাক/এমআই