৮ মে আদালতের সঠিক সিদ্ধান্ত পাওয়ার আশা করছে দেশবাসী: নজরুল

আপডেট : ০৬ মে ২০১৮, ২২:০২
বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, বেগম খালেদা জিয়া ৮ মে আপিল বিভাগ থেকে সঠিক সিদ্ধান্ত পাবেন বলে দেশবাসী আশা করে। ইতিমধ্যে অন্যান্য মামলায় বেগম জিয়াকে আটকে রাখার অপচেষ্টা চলছে। তবুও আমরা আশা করবো, সুপ্রিম কোর্ট ইচ্ছে করলে সে বিষয়েও কোনো নির্দেশনা দিতে পারে।
 
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ও তার বিশেষ সহকারী অ্যাডভোকেট শামসুল রহমান শিমুল বিশ্বাসসহ সব রাজবন্দির নিঃশর্ত মুক্তির দাবিতে রবিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে অ্যাকটিভ সিটিজেন অব বাংলাদেশ আয়োজিত এক প্রতিবাদ সভায় তিনি এই কথা বলেন। 
 
সভায় সভাপতিত্ব করেন সাবেক সংসদ সদস্য আব্দুল গফুর ভূইয়া।বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিব, নাজমুল হক নান্নু, ছাত্রদলের সহ-সভাপতি নাজমুল হাসান প্রমুখ সভায় বক্তব্য দেন।
 
বিএনপিকে বাদ দিয়ে সরকার নির্বাচন করার চেষ্টা করবে মন্তব্য করে নজরুল ইসলাম বলেন, বিএনপি নির্বাচনে গেলে আওয়ামী লীগের জেতার সম্ভাবনা নেই। আর তারা জানে, বেগম জিয়াকে ছাড়া আমরা নির্বাচনে যাবো না। তাই বেগম জিয়াকে বেআইনিভাবে আটকে রাখতে চায়। বেগম জিয়াকে আইনি প্রক্রিয়ায় বন্দী রাখার চেষ্টা করা হচ্ছে। আইনি প্রক্রিয়ায় মুক্তি না হলে এরপরে কী করা যাবে সেটা দল সিদ্ধান্ত নেবে।নজরুল ইসলাম বেগম জিয়া ও শিমুল বিশ্বাসসহ নেতা-কর্মীদের মুক্তি দাবি করেন।
 
ইত্তেফাক/এমআই