পাবলিক পরীক্ষা খারাপ ও ভালো হওয়ার পেছনে ইংরেজি ও গণিতের প্রভাব থাকে। এবারও এর ব্যতিক্রম হয়নি। এবারের এসএসসি ও সমমানের পরীক্ষার ফল খারাপ হওয়ার পেছনে আবারো ইংরেজি ও গণিতকে দায়ী করেছেন শিক্ষকরা। এবার এই দুটো বিষয়ে শিক্ষার্থীরা বেশি ফেল করেছে। এ কারণে সার্বিক পাসের হার কমেছে।
এবার ঢাকা বোর্ডে গতবারের চেয়ে ইংরেজিতে ৪ শতাংশ এবং গণিতে প্রায় ৩ শতাংশ বেশি ফেল করেছে। যশোর বোর্ডে গতবারের চেয়ে ইংরেজিতে ৬ শতাংশ এবং গণিতে ৪ শতাংশ, চট্টগ্রামে ইংরেজি ২ শতাংশ, গণিতে ৩ শতাংশ ফেল করেছে।
এবার সবচেয়ে বেশি খারাপ ফল করেছে সিলেট বোর্ড যেখানে ৭০ দশমিক ৪২ শতাংশ। গতবারের চেয়ে এবার এই বোর্ডে ইংরেজিতে ৫ শতাংশ এবং গণিতে প্রায় ১৫ শতাংশ বেশি ফেল করেছে। গতবার সিলেট বোর্ডে গণিতে ৯১ দশমিক ১৯ শতাংশ পাস করেছে। এবার গণিতে পাস করেছে ৭৬ শতাংশ। দিনাজপুর বোর্ডের অবস্থাও একই। এই বোর্ডে এবার শুধু ইংরেজিতে ফেল করেছে ১৯ হাজার পরীক্ষার্থী।
অভিভাবকরা বলেছেন, গণিত ও ইংরেজি বিষয়ে শিক্ষার্থীদের বাড়তি নজর দেওয়ার কথা বলা হলেও বাস্তবে এর প্রতিফলন পড়েনি। অভিভাবকরা এই দুই বিষয়ে ভালো ফল করার জন্য শিক্ষকদের পর্যাপ্ত প্রশিক্ষণের ওপর জোর দেন। তারা বলেন, বছরের পর বছর ইংরেজি ও গণিত নিয়ে আমরা ভুগছি। এ থেকে আমাদের পরিত্রাণ পেতে হবে। তবে পাসের হার কমার কারণকেও ইতিবাচক দেখছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।
ইত্তেফাক/মোস্তাফিজ
