কয়েকদিন আগে ধূলিঝড় ও তীব্র বজ্রপাতে ভারতের উত্তরাঞ্চলে প্রাণ হারিয়েছেন ১২৯জন। এর রেশ কাটতে না কাটতেই আবারো নতুন ঝড় মোকাবিলার প্রস্তুতি নিচ্ছে ভারত।
আবহাওয়া অধিদফতর জানিয়েছে, সোমবার ও আগামীকাল মঙ্গলবার দুইদিন ভারতের উত্তরাঞ্চলে নতুন করে ঝড় হানা দেয়ার আশঙ্কা রয়েছে। এই জন্য ১৩ রাজ্য ও দুই কেন্দ্র শাসিত অঞ্চলে জারি করা হয়েছে সতর্কতা। এ খবর দিয়েছে টাইমস অফ ইন্ডিয়া ও জি নিউজ।
খবরে বলা হয়, জরুরি সতর্কতা জারি করার পরপরই এক ঘোষণায় হরিয়ানা অঙ্গরাজ্যের সকল স্কুল দুইদিনের জন্য বন্ধ ঘোষণা করেছেন রাজ্যটির শিক্ষামন্ত্রী রাম বিলাস শর্মা। এছাড়া, ঝড়ো বাতাস ও বৃষ্টি থেকে নিজেদের রক্ষা করার জন্য জনগণকে প্রস্তুতি নেয়ার আহ্বান জানিয়েছে রাজ্য সরকার। কৃষকদের বলা হয়েছে, তারা যেন তাদের শস্য ঢেকে রাখে।
আবহাওয়া অধিদফতরের সতর্কতায় বলা হয়, রবিবার থেকে মঙ্গলবারের মধ্যে ঘণ্টায় ৫০ কিলোমিটার গতিসম্পন্ন বজ্রপাত ও ঝড় জম্মু ও কাশ্মির, হিমাচল প্রদেশ ও উত্তরখণ্ডে আঘাত হানার আশঙ্কা রয়েছে। সোমবার একই ধরণের বজ্রপাত পাঞ্জাব এবং হারিয়ানায়ও আঘাত হানতে পারে। আর মঙ্গলবার ঝড়ো হাওয়া ও শিলা বৃষ্টি হতে পারে অঙ্গরাজ্য দুটিতে। এছাড়াও ভারতের উত্তরপূর্বের রাজ্য আসাম, মেঘালয়, নাগাল্যান্ড, মিজোরাম ও ত্রিপুরায়ও তীব্র ঝড় হতে পারে।
ইত্তেফাক/জেআর
