গাজায় ইসরাইলের প্রতিশোধমূলক বিমান হামলা

আপডেট : ০৭ মে ২০১৮, ১৬:২৭
অবরুদ্ধ গাজা উপত্যকার উত্তরাঞ্চলে বিমান হামলা চালিয়েছে ইসরাইল। সাম্প্রতিক দিনগুলোতে ফিলিস্তিনি বিক্ষোভকারীরা ঘুড়ির সঙ্গে দাহ্য পদার্থ যুক্ত করে গাজার সীমান্ত সংলগ্ন ইসরাইলের কৃষি জমিতে অগ্নিসংযোগ করেছে। তাদের দাবি, পাল্টা জবাবে এই হামলা চালিয়েছে। খবর আল জাজিরার।
 
খবরে বলা হয়, ইসরাইলি হামলার উদ্দেশ্য ছিল এমন এক জায়গায় হামলা করা যেখান থেকে ঘুড়িগুলো ইসরাইলের উদ্দেশ্যে ছোড়া হয়। তবে হামলায় কোন হতাহতের ঘটনা ঘটেনি। 
 
ইসরাইলের দমকল বাহিনীর মুখপাত্র জোরাম লিভাই জানান, ফিলিস্তিনিরা ঘুড়ি দিয়ে ইসরাইলের অন্তত ১৫টি জায়গায় অগ্নিসংযোগ করতে সক্ষম হয়েছে। 
 
প্রসঙ্গত, গাজায় বসবাসরত ফিলিস্তিনিরা কয়েক সপ্তাহ ধরে তাদের ভূমি দিবস উপলক্ষে ইসরাইল সংলগ্ন সীমান্তে বিক্ষোভ করে আসছে। শনিবার বিক্ষোভকারীদের লক্ষ্য করে ফাঁকা গুলি ও কাঁদুনে গ্যাস ছুড়েছে ইসরাইলি বাহিনী। ইসরাইলি বাহিনীর গুলি থেকে বাঁচতে, সীমান্ত সংলগ্ন এলাকায় গাড়ির চাকা পুড়িয়ে ধোঁয়ার দেয়াল তৈরি করেছে বিক্ষোভকারীরা। 
 
আগামী ১৫ মে পর্যন্ত ইসরাইল সংলগ্ন সীমান্তে বিক্ষোভ অব্যাহত রাখবে ফিলিস্তিনিরা। ওইদিনটি ফিলিস্তিনিদের কাছে নাকাবা বা বিপর্যয় নামে পরিচিত। ১৯৪৮ সালে ইসরাইলের প্রতিষ্ঠার সময় এইদিনে ৭ লাখ ৫০ হাজার ফিলিস্তিনিকে তাদের নিজভূমি থেকে বিতাড়িত করা হয়। এখন ফিলিস্তিনিরা তাদের নিজ জন্মভূমিতে ফিরে যাওয়ার অধিকার চেয়ে আন্দোলন করছে। 
 
ইত্তেফাক/ জেআর