'বঙ্গবন্ধুর স্বপ্ন পূরণে সরকার কাজ করে যাচ্ছে'

আপডেট : ০৭ মে ২০১৮, ১৮:০৮
বঙ্গবন্ধুর স্বপ্ন ছিল এ দেশকে সোনার বাংলায় পরিণত করা। তার সেই স্বপ্ন পূরণে বর্তমান সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে। বাংলাদেশ আজ উন্নয়নের মহাসড়কে এগিয়ে চলেছে। এই অগ্রযাত্রাকে অব্যাহত ও টেকসই করতে দল-মত ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাইকে প্রয়াস চালানোর আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মো. আব্দুল হামিদ। আজ সোমবার দুপুরে তিনি গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিসৌধে শ্রদ্ধা নিবেদন শেষে পরিদর্শন বইতে মন্তব্য লিখে এ আহ্বান জানান।
 
রাষ্ট্রপতি মন্তব্য বইতে আরো লেখেন, 'স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পবিত্র স্মৃতির প্রতি আমি গভীর শ্রদ্ধা জানাই। আমি স্মরণ করি বঙ্গবন্ধু, তার সহধর্মিনী, পুত্রগণ ও পুত্রবধূসহ নিকট আত্মীয়দের। যারা ১৯৭৫ সালের ১৫ আগস্ট স্বাধীনতা বিরোধী চক্রের হাতে নির্মমভাবে শাহাদত বরণ করেন। আমি বিনম্র চিত্তে স্মরণ করি মহান মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গকারী বীর শহীদদের। আরো স্মরণ করি ১৯৭৫ সালের ৩ নভেম্বর জেলখানায় শহীদ জাতীয় চার নেতাসহ মহান ভাষা আন্দোলন, স্বাধিকার ও গণতান্ত্রিক আন্দোলনে যারা জীবন দিয়েছেন, তাদেরকে। আমি তাদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করি।'
 
এর আগে রাষ্ট্রপতি দুপুর ১টা ৫৫ মিনিটে বঙ্গবন্ধুর সমাধিসৌধে পৌঁছে বেদীতে পুষ্পস্তবক অর্পণ করে তার স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন। এরপর তিন বাহিনীর একটি চৌকস দল রাষ্ট্রপতিকে গার্ড অব অনার প্রদান করেন। এসময় বেজে ওঠে বিউগল। বঙ্গবন্ধুর সমাধিসৌধের বেদীর পাশে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন রাষ্ট্রপতি। পরে তিনি পবিত্র সুরা ফাতেহাপাঠ ও বঙ্গবন্ধুর রুহের মাগফিরাত কামনায় দোয়া মোনাজাত করেন। রাষ্ট্রীয় আনুষ্ঠানিকতা শেষে রাষ্ট্রপতি বঙ্গবন্ধু সমাধিসৌধ কমপ্লেক্সে রক্ষিত পরিদর্শন বইতে ওই মন্তব্য লিখে স্বাক্ষর করেন।
 
এ সময় তিন বাহিনীর প্রধান, শেখ হেলাল উদ্দিন এমপি, কেন্দ্রীয় আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক শেখ মো. আব্দুল্লাহ, শেখ সালাহউদ্দিন জুয়েল, গোপালগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ মোখলেসুর রহমান সরকার, পুলিশ সুপার  মুহাম্মদ সাইদুর রহমান খান, জেলা আওয়ামী লীগ সভাপতি চৌধূরী এমদাদুল হক, সাধারণ সম্পাদক মাহাবুব আলী খান, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক কাজী হারুন-অর-রশীদ, টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি শেখ আ. হালিম, সহ-সভাপতি মো. ইলিয়াস হোসেন, সোলায়মান বিশ্বাস, উপজেলা চেয়ারম্যান গাজী গোলাম মোস্তফা, পৌর মেয়র শেখ আহমেদ হোসেন মির্জা, কোটালীপাড়া উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক  এস এম হুমায়ুন করিব, উপজেলা চেয়ারম্যান মজিবুর রহমান হাওলাদার, পৌর মেয়র শেখ কামাল হোসেনসহ পদস্থ সামরিক-বেসামরিক কর্মকর্তা ও আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতা কর্মী উপস্থিত ছিলেন।
 
দ্বিতীয় মেয়াদে রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ার পর আব্দুল হামিদ আজ প্রথম টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধি সৌধে পৌঁছুলে উপস্থিত নেতাকর্মীরা তাকে উষ্ণ অভিনন্দন জানান। বিকেল সাড়ে ৩টার দিকে হেলিকপ্টার-যোগে তিনি ঢাকার উদ্দেশ্যে টুঙ্গিপাড়া ত্যাগ করেন।
 
ইত্তেফাক/এসএস