বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ বলেছেন, গাজীপুর সিটি নির্বাচনে বিএনপির পক্ষে গণজোয়ার দেখে সরকার পিছুটান দিয়েছে। নির্বাচনের ৬-৭ দিন বাকি থাকতে ঢাকা উত্তর সিটির মতো এই সিটি নির্বাচন বন্ধ করে দিয়েছে।
তিনি বলেন, নিয়ম অনুযায়ী শান্তিপূর্ণ আন্দোলন করতে দেয়া না হলে, পবিত্র রমজানের পর কঠোর কর্মসূচি দিয়ে এই সরকারকে ক্ষমতা থেকে নামাতে হবে। গণতন্ত্র, ন্যায় বিচার এবং খালেদা জিয়ার মুক্তির জন্য আমাদের আন্দোলন সংগ্রামে নামতে হবে।
সোমবার বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের অবস্থান কর্মসূচিতে অংশ নিয়ে ব্যারিস্টার মওদুদ এসব কথা বলেন।
তিনি বলেন, মানুষ সরকার পরিবর্তন দেখতে চায়। আন্দোলনের মাধ্যমে খালেদা জিয়াকে মুক্ত করে দেশে বিচার বিভাগের স্বাধীনতা, গণতান্ত্রিক অধিকার, মানুষের ভোটের অধিকার এবং ন্যায়বিচার ফিরিয়ে আনা হবে।
সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতির কার্যালয়ের সামনে এ কর্মসূচিতে বক্তব্য রাখেন সুপ্রিম কোর্ট বার সভাপতি জয়নুল আবেদীন, মীর মোহাম্মদ নাছির উদ্দিন, বার সম্পাদক এম মাহবুবউদ্দিন খোকন, সানাউল্লাহ মিয়া, বদরুদ্দোজা বাদল, কায়সার কামাল প্রমুখ।
জয়নুল আবেদীন বলেন, সাবেক প্রধান বিচারপতি এসকে সিনহার বিদায়ের পর আদালত স্বাধীনভাবে কাজ করতে পারছে না। আদালত খালেদা জিয়াকে জামিন দিয়ে প্রমাণ করবে বিচার বিভাগ স্বাধীন।
ইত্তেফাক/ইউবি
