পাথুরে মুদ্রার দ্বীপ!

আপডেট : ০৮ মে ২০১৮, ১২:০৫
 
প্রশান্ত মহাসাগরের একটি অঞ্চল মাইক্রোনেশিয়া। এর পশ্চিমে ফিলিপাইন, দক্ষিণ-পশ্চিমে ইন্দোনেশিয়া, দক্ষিণে পাপুয়া নিউগিনি ও মেলানেশিয়া এবং দক্ষিণ-পূর্বে পলিনেশিয়া অবস্থিত। এই দ্বীপে রয়েছে ২১০০ দ্বীপ। বৈচিত্র্যময় মাইক্রোনেশিয়ার অন্যতম একটি দ্বীপ ‘ইয়াপ’। ঘন জঙ্গল, তারো সোয়ামপ, স্যালো লাগোন, ম্যানগ্রোভের সৌন্দর্য, ইয়াপি তরুণীদের ঐতিহ্যবাহী চির সবুজ পোশাক সব কিছুই আকৃষ্ট করে পর্যটকদের।
 
প্রতি বছর কয়েক লাখ পর্যটক ইয়াপে বেড়াতে যান। অন্য যে কোন জায়গার থেকে ইয়াপে ভিন্ন এক অভিজ্ঞতার সুযোগ হয় পর্যটকদের। আর স্বতন্ত্র এই অভিজ্ঞতা হলো বিশাল আকৃতির ‘পাথুরে শিলা মুদ্রা’। সুপ্রাচীন কাল থেকেই একই পাথুরে মুদ্রা দিয়ে এখানে বিনিময় প্রথা চালু রয়েছে। কয়েক সেন্টি মিটার থেকে শুরু করে সর্বোচ্চ সাত মিটার ব্যাসের মুদ্রাও রয়েছে এখানে। কোন কোন শিলা মুদ্রার উচ্চতা মানুষের উচ্চতার সমান। মূলত এখানকার গ্রামের অধিবাসীদের সম্মান আর আভিজাত্যের প্রতীক হয়ে উঠেছে এই দৈত্যাকার মুদ্রা।
 
পাথুরে এই ডিস্কগুলো ইয়াপ দ্বীপের বিভিন্ন গ্রামের মানুষের দখলে রয়েছে। যার বাড়িতে কিংবা যে গ্রামে বেশি পাথুরে মুদ্রা, ধরে নেওয়া হয় কৃষ্টি-কালচার, আভিজাত্যে তারাই উৎকৃষ্ট। দ্বীপের বাইরের কিছু হোটেলেও রয়েছে এই ধরনের কিছু কঠিন শিলার মুদ্রা। এই মুদ্রার বিনিময় ব্যবস্থা চালু রাখতে প্রতিটা গ্রামেই রয়েছে নিজস্ব পাথুরে শিলার মানি ব্যাঙ্ক।
 
অনেক অনেক আগে ইয়াপ থেকে ছোট একটি দল প্রথমে ৪০০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিম দ্বীপ পালাউতে গিয়ে অদ্ভুত এই শিলা খণ্ডের সন্ধান পান। সেখান থেকে তারা এর কিছু পাথর নিয়ে আসেন ইয়াপে। গ্রামবাসীর কাছে দারুণভাবে সমাদৃত হয় গোলাকার সেই পাথুরে শিলা খণ্ড। এরপর কৌতূহলী দল পালাউ’তে যায় গোলাকার শিলা আনতে। উনিশ শতকের দিকে একবার ইয়াপ দ্বীপের ৪০০ মানুষ পালাউতে গিয়ে সেখান থেকে অনেকগুলো গোলাকার শিলা খণ্ড নিয়ে আসেন। তারা যখন সেগুলো নিয়ে দ্বীপে ফেরেন তখন তাদের স্বাগত আর সম্মান জানাতে স্থানীয় মুদ্রা দিয়ে সেগুলো কিনতে শুরু করেন। তবে সবথেকে বড় শিলাটি থেকে যায় গোষ্ঠী প্রধানের কাছে।
 
এই ভাবে এই পাথুরে শিলা মুদ্রার প্রচলন হয় ইয়াপে। তবে সচরাচর কেনাকাটার জন্য তারা এই মুদ্রা ব্যবহার করতো না। মূলত বড় কোন লেনদেন, বিয়ের উপহার, ক্ষতিপূরণ দেওয়ার মতো পরিস্থিতিতে এই মুদ্রা ব্যবহার করতো। আর কেনাকাটার জন্য ব্যবহার করতো ‘পার্ল শেল মানি’। যদিও এই এলাকায় এখন মুদ্রার জায়গা দখল করে নিয়েছে মার্কিন ডলার। তারপরও পাথুরে শিলার কদর এখনো ঠিক আগের মতোই রয়েছে ইয়াপ দ্বীপে।-বিবিসি।
 
ইত্তেফাক/মোস্তাফিজ