রাবির শিক্ষক হত্যায় ২ জনের মৃত্যুদণ্ডাদেশ, ৩ জনের যাবজ্জীবন

আপডেট : ০৮ মে ২০১৮, ১৬:২২
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষক ড. এএফএম রেজাউল করিম সিদ্দিকী মুকুল হত্যা মামলায় দুই জঙ্গির মৃত্যুদণ্ডাদেশ ও তিনজনের যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছে রাজশাহী বিভাগীয় দ্রুত বিচার ট্রাইব্যুনাল। আজ মঙ্গলবার দুপুরে ট্রাইবুনালের বিচারক শিরিন কবিতা আখতার এ রায় ঘোষণা করেন। 
 
মৃত্যুদণ্ডাদেশ প্রাপ্তরা হলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষার্থী শরিফুল ইসলাম এবং বগুড়ার শিবগঞ্জের মাসকাওয়াত হাসান ওরফে আব্দুল্লাহ ওরফে সাকিব। 
 
যাবজ্জীবন কারাদণ্ডাদেশ প্রাপ্তরা হলেন- নীলফামারির মিয়াপাড়ার রহমত উল্লাহ, খুনিদের আশ্রয়দাতা রাজশাহীর উপকণ্ঠ পবা উপজেলার নারকেলবাড়িয়া পূর্বপাড়া গ্রামের আব্দুস সাত্তার ও তার ছেলে রিপন আলী। 
 
আদালত সূত্রে জানা যায়, চাঞ্চল্যকর এই হত্যাকাণ্ডের মূল পরিকল্পনাকারী জঙ্গি শরিফুল এখনও পলাতক। পুলিশের চার্জশিটে হত্যাকাণ্ডে অভিযুক্ত ৮ আসামির মধ্যে জঙ্গি খায়রুল ইসলাম বাঁধন, নজরুল ইসলাম ওরফে হাসান ওরফে বাইক হাসান এবং তারেক হাসান ওরফে নিলু ওরফে ওসমান আইনশৃঙ্খলা বাহিনীর অভিযানের সময় ‘বন্দুকযুদ্ধে’ নিহত হন। খুনিদের আশ্রয়দাতা আব্দুস সাত্তার জামিনে ছিলেন। বাকি তিন আসামি আব্দুল্লাহ সাকিব, রহমত উল্লাহ ও রিপন আলীকে রাজশাহী কেন্দ্রীয় কারাগার থেকে আদালতে হাজির করা হন। রায় ঘোষণা শেষে তাদের কারাগারে নিয়ে যাওয়া হয়।
 
মামলা সূত্রে জানা যায়, ২০১৬ সালের ২৩ এপ্রিল সকালে নগরীর শালবাগান এলাকায় নিজ বাড়ির অদূরে অধ্যাপক ড. এএফএম রেজাউল করিম সিদ্দিকী মুকুলকে কুপিয়ে হত্যা করা হয়। পরদিন ২৪ এপ্রিল নিহতের ছেলে রিয়াসাত ইমতিয়াজ সৌরভ অজ্ঞাত সন্ত্রাসীদের বিরুদ্ধে নগরীর বোয়ালিয়া মডেল থানায় হত্যা মামলা দায়ের করেন। তদন্ত শেষে মামলার তদন্তকারী কর্মকর্তা, রাজশাহী মেট্টোপলিটন পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) পরিদর্শক রেজাউস সাদিক ২০১৬ সালের ৬ নভেম্বর ৮ জঙ্গির বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করেন। গত বছরের ১২ সেপ্টেম্বর এ মামলার সাক্ষ্যগ্রহণ শুরু হয়। সর্বমোট ৩২ সাক্ষীর মধ্যে ২৬ জনের সাক্ষ্য গ্রহণ শেষে ৯ থেকে ১১ এপ্রিল যুক্তিতর্ক উপস্থাপন শেষে মঙ্গলবার দুপুরে জনাকীর্ণ আদালতে ওই রায় ঘোষণা করেন বিচারক। 
 
রাষ্ট্রপক্ষে আইনজীবী ছিলেন এন্তাজুল হক বাবু।আসামিপক্ষে ছিলেন মিজানুল ইসলাম, কামরুল মনির ও আব্দুল বারী।
 
উল্লেখ্য, ‘দেশব্যাপী ব্লগার, মুক্তমনা, প্রগতিশীল ব্যক্তিদের টার্গেট কিলিংয়ের অংশ হিসেবে জঙ্গিরা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক রেজাউল করিম সিদ্দিকী মুকুলকে পরিকল্পিতভাবে হত্যা করে’ বলে মামলার চার্জশিটে উল্লেখ করা হয়।
 
ইত্তেফাক/কেকে