নেত্রকোনার মাইক্রোবাস চালক হত্যা মামলায় চারজনের ফাঁসির আদেশ

আপডেট : ০৮ মে ২০১৮, ১৬:৪১
নেত্রকোনা সদর উপজেলার কাইলাটি ইউনিয়নের বিচিপাড়া গ্রামের মাইক্রোবাস চালক সোলায়মান হত্যা মামলায় চারজনের ফাঁসির আদেশ দিয়েছেন আদালত। জেলা ও দায়রা জজ এক এম রাশেদুজ্জামান রাজা আজ মঙ্গলবার এই রায় প্রদান করেন।
 
ওই রায়ে ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামিদের প্রত্যেককে ২০ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে। এছাড়া ওই মামলায় সাবিয়া ইয়াসমিন (২৩) নামে এক নারীকে খালাস প্রদান করেছেন আদালত। রায় ঘোষণার সময় সকল আসামিই পলাতক ছিলেন।
 
সাজাপ্রাপ্ত আসামিরা হচ্ছেন- মুন্সিগঞ্জ জেলার সিরাজদিখান এলাকার হাসান আলী (২৭) ও আব্দুল মালেক (২৩), নেত্রকোনা জেলার কলমাকান্দা এলাকার মো. মুন্না (২৫) এবং গাজীপুর জেলার শ্রীপুরের সেলিম সরকার (২২)।
 
মামলা সূত্রে জানা গেছে, ২০১৩ সালের ১৬ জানুয়ারি সন্ধ্যায় নেত্রকোনার নাগড়া মাইক্রোবাসস্ট্যান্ড থেকে অজ্ঞাতনামা পাঁচ ব্যক্তি গাজীপুরের শ্রীপুরের কথা বলে ৭ হাজার টাকায় মাইক্রোবাস ভাড়া করে নিয়ে যায়। ওই মাইক্রোবাসের চালক সোলায়মান রাত ৯টায় তার ভাই আলআমীনকে জানান, তিনি শ্রীপুর জৈনা বাজারের নোয়াখালী হোটেলে অবস্থান করছেন। এর পর থেকে সোলায়মানের মোবাইল বন্ধ পাওয়া যায়। পরদিন নেত্রকোনা থেকে সোলায়মানের ভাই আলআমীন সেখানে খোঁজ করতে গিয়ে তার ভাইয়ের কোন খবর না পেয়ে বাড়িতে চলে আসেন এবং নেত্রকোনা মডেল থানায় জিডি করেন। ওইদিনই তারা খবর পান যে গাজীপুর হাসপাতালে একটি অজ্ঞাতনামা লাশ পড়ে আছে। তারা সেখানে যান এবং ওই লাশ সোলায়মানের বলে তারা শনাক্ত করেন। পরদিন সোলায়মানের বড় বোনের ছেলে নুরুল আমীন বাদী হয়ে নেত্রকোনা মডেল থানায় ৮ জনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেন।
 
পুলিশ তদন্ত শেষে ২০১৪ সনের ২৬ মার্চ পাঁচজনের বিরুদ্ধে অভিযোগপত্র দায়ের করে। আদালত ১২ জনের সাক্ষ্য প্রমাণাদিতে উপরোক্ত রায় প্রদান করেন। বাদী পক্ষে মামলা পরিচালনা করেন ভারপ্রাপ্ত পিপি অ্যাডভোকেট সাইফুল আলম প্রদীপ এবং আসামি পক্ষে ছিলেন অ্যাডভোকেট দিলওয়ারা বেগম।
 
ইত্তেফাক/এসএস