‘পুষ্টি চাহিদা মেটাতে জিংক সমৃদ্ধ ব্রি-ধান৭৪ চাষ করুন’

আপডেট : ০৮ মে ২০১৮, ২০:২০
সমাজ কল্যাণ প্রতিমন্ত্রী নুরুজ্জামান আহমেদ সাধারণ মানুষের পুষ্টি চাহিদা মেটাতে ও রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করতে অধিকহারে জিংক সমৃদ্ধ ব্রি ধান৭৪ চাষের আহ্বান জানিয়েছেন।
 
আজ মঙ্গলবার জেলার কালিগজ্ঞ উপজেলার কাকিনা এলাকায় কৃষক লোকমান আলীর শষ্য ক্ষেতের নিকট বোরো মৌসুমে জিংক সমৃদ্ধ ব্রি-ধান৭৪ চাষের প্রদর্শনী খামারে আয়োজিত এক কৃষক মাঠ দিবসে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন তিনি।
 
সমাজ কল্যাণ প্রতিমন্ত্রী বলেন, কৃষি বান্ধব বর্তমান সরকার দেশের পৃষ্টি ও খাদ্য নিরাপত্তার লক্ষ্যে গবেষণার মাধ্যমে নতুন নতুন জাত উদ্ভাবন করে কৃষকদের মাঝে তা চাষাবাদের জন্য সম্প্রসারণ করছেন। তিনি কৃষকদেরকে বেশী করে জিংক সমৃদ্ধ ধান চাষাবাদের আহ্বান জানান। 
 
হার্ভেস্টপ্লাস বাংলাদেশের আর্থিক ও কৌশলগত সহায়তায় এবং কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সহযোগিতায় স্থানীয় উন্নয়ন সংস্থা ‘নজীর’ জিংক সমৃদ্ধ ব্রি-ধান৭৪ চাষাবাদের কেীশল প্রদর্শন এবং এই জাতের ধান কর্তনের জন্য উক্ত অনুষ্ঠানের আয়োজন করে। 
 
ইত্তেফাক/এমআই