ভারতে আগামী ২০১৯ সালের সাধারণ নির্বাচনে কংগ্রেস একক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ফিরলে প্রধানমন্ত্রী হতে তৈরি আছেন বলে মন্তব্য করেছেন দলটির নবীন সভাপতি রাহুল গান্ধী। মঙ্গলবার বেঙ্গালুরুতে বিশিষ্ট নাগরিকদের এক সমাবেশে একথা বলেন তিনি।
রাহুলকে প্রশ্ন করা হয়েছিল, আগামী সাধারণ নির্বাচনে কংগ্রেস যদি একক সংখ্যাগরিষ্ঠতা পায়, তা হলে কি তিনি প্রধানমন্ত্রী হতে রাজি হবেন? কংগ্রেস সভাপতি সঙ্গে সঙ্গে জবাব দেন, ‘হ্যাঁ, নিশ্চয়ই। কেনই বা রাজি হব না?’
এর আগে, গত সেপ্টেম্বরে বার্কলেতে ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা রাহুলকে প্রশ্ন করেছিলেন, ২০১৯ সালের সাধারণ নির্বাচনে কংগ্রেস জিতলে তিনি কি প্রধানমন্ত্রী হতে প্রস্তুত আছেন? জবাবে কংগ্রেস সভাপতি বলেছিলেন, ‘পুরোপুরি প্রস্তুত আছি।’
প্রধানমন্ত্রী হওয়ার জন্য কংগ্রেস সভাপতির ‘বায়োডাটা’য় অভিজ্ঞতার কোনো অভাব নেই। তিন-তিনবার রাহুল লড়েছেন সংসদীয় নির্বাচনে। তার মা সোনিয়া গান্ধী যখন কংগ্রেসের সভানেত্রী ছিলেন, তখন তার সহকারী হিসাবে কাজও করেছেন তিনি পাঁচ বছর। এনডিটিভি।
ইত্তেফাক/সেতু
