ভারতের রাজধানী দিল্লির বুকে মুঘল সম্রাট আকবরের নামাঙ্কিত একটি প্রধান রাস্তার নাম জোর করে বদলে দিয়ে সমসাময়িক রাজপুত হিন্দু রাজা বীর মহারানা প্রতাপের নামে রাখার চেষ্টা হয়েছে। কট্টরপন্থী হিন্দু সংগঠন বজরং দলের বেশ কিছু সদস্য গতকাল বুধবার আকবর রোডের নাম মুছে দেওয়ার চেষ্টা করে। পরে অবশ্য দিল্লির পৌর কর্তৃপক্ষ রাস্তার আগের নামই ফিরিয়ে দিয়েছে।
ক্ষমতাসীন বিজেপিরও বেশ কিছু নেতা বহুদিন ধরেই আকবর রোডের নাম বদলের দাবি জানিয়ে আসছেন। প্রায় সাড়ে চারশ’ বছর আগে হলদিঘাটের যুদ্ধে সম্রাট আকবরের কাছে পরাস্ত হয়েছিলেন চিতোরের রাজা মহারানা প্রতাপ। সেই আকবরের নামে কেন দিল্লির বুকে একটি রাজপথ থাকবে, এ নিয়ে বেশ কিছু রাজপুত ও হিন্দু সংগঠন কিছুদিন ধরেই আপত্তি জানিয়ে আসছে।
গতকাল বুধবার সকালে রানা প্রতাপের জন্মজয়ন্তীতে তারা নিজেরাই আইন হাতে তুলে নেয়। বজরং দলের সদস্যরা আকবর রোডের সব নামফলক বদলে দিয়ে জানায়, যে মুসলিম শাসকরা ভারতকে আক্রমণ করে লুণ্ঠন করেছেন তাদের নাম দিল্লি থেকে মুছে দেওয়া হবে। এটা রানা প্রতাপের দেশ, অতএব তার নামই থাকবে।-বিবিসি বাংলা।
ইত্তেফাক/মোস্তাফিজ
