গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনের ওপর হাইকোর্টের দেওয়া স্থগিতাদেশের বিরুদ্ধে আপিল বিভাগে আবেদন করেছে নির্বাচন কমিশন (ইসি)। গতকাল বুধবার আপিল বিভাগের সংশ্লিষ্ট শাখায় এই আবেদন করা হয়।
আবেদনে হাইকোর্টের আদেশ স্থগিত চাওয়া হয়েছে। আজ আপিল বিভাগের নিয়মিত বেঞ্চে এই আবেদনের ওপর শুনানি হবে। একই সঙ্গে হাইকোর্টের আদেশের বিরুদ্ধে আওয়ামী লীগ ও বিএনপির দুই মেয়র প্রার্থীর আবেদনেরও শুনানি হবে।
গতকাল আপিল বিভাগে দুই মেয়র প্রার্থীর স্থগিত আবেদন দুটিও শুনানির জন্য আসে। ইসির আইনজীবী ওবায়দুর রহমান মোস্তফা বলেন, তিনটি আবেদনের শুনানি একসঙ্গে হলে ভালো। এ পর্যায়ে আদালত বলে, আপনারা এত দেরি করেছেন কেন? ইতোমধ্যে অন্যরা আবেদন করে ফেলেছে। আইনজীবী বলেন, ওকালতনামা গতকাল পেয়েছি। এজন্য সময় লাগছে। এরপরই আদালত আজ শুনানির জন্য দিন ধার্য করে দেন।
সাভার উপজেলা আওয়ামী লীগের নেতা ও শিমুলিয়া ইউপি চেয়ারম্যান এবিএম আজহারুল ইসলাম সুরুজ সিটি নির্বাচন স্থগিত চেয়ে রিট করেন। এর পরিপ্রেক্ষিতে গত রবিবার হাইকোর্ট গাজীপুর সিটি নির্বাচন তিন মাসের জন্য স্থগিত করে। পাশাপাশি ঘোষিত তফসিল কেন বেআইনি ঘোষণা করা হবে না তা জানতে চেয়ে রুল জারি করে আদালত।
ইত্তেফাক/কেকে
