সাঁথিয়ায় ১৪৪ ধারা ভঙ্গ করে এমপির জনসভা

আপডেট : ১০ মে ২০১৮, ২০:৪৮
পাবনার সাঁথিয়া উপজেলার জোড়গাছা ঈদগাঁ মাঠে বৃহস্পতিবার আওয়ামী লীগের সাবেক তথ্য প্রতিমন্ত্রী অধ্যাপক আবু সাইয়িদ গ্রুপ ও জোড়গাছা বাজারে সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী এডভোকেট শামসুল হক টুকু এমপি জনসভার ডাক দেন। দুপুর থেকে জোড়গাছা বাজারে শামসুল হক টুকু এমপির জনসভা চলতে থাকে। বিকালে জনসভার পাশ দিয়ে অধ্যাপক আবু সাইয়িদের লোকজন পূর্বঘোষিত জনসভাস্থলে যাওয়ার পথে উভয় গ্রুপের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। এ সময় পুলিশ দুই গ্রুপকে সড়কের দুপাশে রেখে পুলিশী প্রচীর সৃষ্টি করে।
 
উভয় গ্রুপের লোকজনকে ১০০ ফুটের মধ্যে লাঠিসোটা নিয়ে উত্তেজিত হতে দেখা যায়। প্রায় দুই ঘন্টাব্যাপী সাঁথিয়া মাধবপুর সড়কে যানচলাচল বন্ধ হয়ে যায়। পথচারীসহ এলাকাবাসীর মধ্যে আতংক বিরাজ করে। পরে সাঁথিয়া উপজেলা প্রশাসনের পক্ষে নির্বাহী ম্যাজিষ্ট্রেট সহকারী কমিশনার (ভূমি) শফিকুল ইসলাম সেখানে ১৪৪ ধারা জারি করে। তবে ১৪৪ ধারা ভঙ্গ করে আওয়ামীলীগের (পাবনা-১ আসনের) এমপি শামসুল হক টুকু তার জনসভা চালিয়ে যান।
 
বৃহস্পতিবার বিকেল সাড়ে ৫টা থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই আদেশ বলবৎ থাকবে।
 
একই স্থানে দুগ্রুপের জনসভাকে কেন্দ্র করে সকাল থেকে জোড়গাছা বাজারে অতিরিক্ত পুলিশ সুপার(বেড়া সার্কেল) আশিস বিন হাসানের নেতৃত্বে অতিরিক্ত পুলিশী নিরাপত্তা জোরদার করা হয়।
 
উপজেলা প্রশাসন সুত্রে জানা যায়, সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী এডভোকেট শামসুল হক টুকু ও সাবেক তথ্য প্রতিমন্ত্রী অধ্যাপক আবু সাইয়িদ একই সময়ে জোড়গাছা জনসভার ডাক দেন। স্থানীয় আওয়ামী লীগের দুটি গ্রুপের জনসভা ডাকায় স্থানীয় প্রশাসন এলাকায় শান্তি শৃংখলা বিনষ্টের আশংকায় সেখানে ১৪৪ ধারা জারি করে মাইকিং করেছেন। অতিরিক্ত পুলিশ মোতায়ন করা হয়েছে। এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে।    
 
সহকারী কমিশনার (ভ’মি) শফিকুল ইসলাম জানান, এলাকায় শান্তি শৃংখলা বিনষ্টের আশংকায় সেখানে ১৪৪ ধারা জারি করে মাইকিং করা হয়েছে।
 
ইত্তেফাক/নূহু