‌'জনগণের কাছে ক্ষমা চেয়ে নির্বাচনের জন্য প্রস্তুতি নিন’

আপডেট : ১১ মে ২০১৮, ১৬:৪০
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীরবিক্রম বলেছেন, পিছনের দরজা দিয়ে ক্ষমতায় যাওয়া, বিদেশিরা ক্ষমতায় বসিয়ে দিবে সে আশায় থাকা, জ্বালাও পোড়াও আন্দোলন করে নির্বাচন বানচাল করে দিবেন- এ সকল চিন্তা ভাবনা বাদ দিয়ে আগামী নির্বাচনে অংশ নিতে চাইলে জনগণের কাছে যান। জনগণের কাছে গিয়ে আপনাদের কৃতকর্মের জন্য ক্ষমা চেয়ে নির্বাচনের জন্য প্রস্তুতি নিন।
 
শুক্রবার মতলব উত্তর উপজেলার মোহনপুরের নিজ বাড়ির আঙ্গিনায় বিদ্যুতের উদ্বোধনী অনুষ্ঠানে সুইচ টিপে ৯২কিলোমিটার বিদ্যুৎ লাইনের উদ্বোধন পূর্বক প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথাগুলো বলেন। 
 
১৪ কোটি টাকা ব্যয়ে নির্মিত এ লাইনের মাধ্যমে মতলব উত্তর-দক্ষিণ উভয় উপজেলার ১৪টি ইউনিয়নের ৫৫টি গ্রামের ৬ হাজার ৩০০ জন গ্রাহককে এই বিদ্যুৎ সুবিধা দেয়া হয়।
 
চাঁদপুর পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর জেনারেল ম্যানেজার আবু তাহেরের সভাপতিত্বে এবং মতলব উত্তর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা এমএ কুদ্দুসের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, কেন্দ্রীয় আওয়ামী লীগ নেতা রিয়াজ উদ্দিন মানিক, মতলব উত্তর উপজেলা পরিষদ চেয়ারম্যান মনজুর আহমদ, মতলব দক্ষিণ উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যাপক সিরাজুল মোস্তফা তালুকদার, মতলব উত্তর উপজেলা নির্বাহী অফিসার শারমিন আক্তার, মতলব দক্ষিণ উপজেলা নির্বাহী অফিসার শাহিদুল ইসলাম, চাঁদপুর পল্লী বিদ্যুৎ সমিতির নির্বাহী প্রকৌশলী হাফিজুর রহমান, ছেংগারচর পৌরসভার মেয়র রফিকুল আলম জজ, চাঁদপুর পল্লী বিদ্যুৎ সমিতির মতলব উত্তর জোনের ডিজিএম নূরুল আলম ভুইয়া, মতলব দক্ষিণ উপজেলার ডিজিএম দিলীপ চন্দ্র চৌধুরী, ইউপি চেয়ারম্যান লোকমান আহমেদ মুন্সি, আজমল হোসেন চৌধুরী, জহিরুল মোস্তফা তালুকদার, সৈয়দ মনজুর হোসেন প্রমুখ। অনুষ্ঠানে মতলবের জন্য পৃথকভাবে বিদ্যুতের গ্রিড স্থাপনে স্থানীয় জনগণের দাবির প্রেক্ষিতে শিগগিরই ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন মন্ত্রী।
 
বিএনপিকে উদ্দেশ করে প্রধান অতিথি বলেন, বিদেশিরা আমাদের শুধুমাত্র বন্ধু হতে পারে, রাষ্ট্রীয় ক্ষমতা রাখা না রাখার মালিক বাংলাদেশের জনগণ। নির্বাচনে অংশ নিতে চাইলে জনগণের কাছে গিয়ে জালাও পোড়াও আন্দোলন করার জন্য ক্ষামা চেয়ে ভোট চান। তাদের কাছে অঙ্গীকার করেন, আপনারা আর জনগণ থেকে দূরে থাকবেন না এখন থেকে আপনারা জনগণের পাশেই থাকবেন।
 
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী বলেন, বঙ্গবন্ধু সেটেলাইট উদ্বোধনের মাধ্যমে বাংলাদেশ উন্নত দেশের সমমানের তরঙ্গ সুবিধা পাওয়ার কাতারে প্রবেশ করল। তিনি বলেন, এর ফলে দুর্যোগ ব্যবস্থাপনায় তথ্যের আদান প্রদানে এবং মানুষকে সচেতন ও রক্ষায় বাংলাদেশ নতুন উচ্চতায় উঠবে। এর ফলে দুর্যোগে মানুষের জানমাল রক্ষায় বাংলাদেশ আরও পারঙ্গমতা দেখাতে পারবে। 
 
ইত্তেফাক/এমআই