‘আর্থিক’ কারণ দেখিয়ে নিজেদের মাঠে আগামী আগস্ট-সেপ্টেম্বরে ক্রিকেট অস্ট্রেলিয়ার বাংলাদেশ সিরিজ আয়োজন না করার সিদ্ধান্তে হতাশ বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
বিসিবির প্রধান নির্বাহী কর্মকর্তা নিজাম উদ্দিন চৌধুরী সুজন বলেন, ‘আমাদের অনেক হোম সিরিজও তো আর্থিকভাবে লাভজনক হয় না। দ্বিপাক্ষিক অঙ্গীকার রাখার জন্য অনেক দেশকেই আতিথেয়তা দিতে হয় আমাদের। এটা দুর্ভাগ্যজনক। অস্ট্রেলিয়া তাদের দিকটাই দেখছে। বাণিজ্যিকভাবে কতটা উপকৃত হবে এটাই হিসেব করছে অস্ট্রেলিয়া। এটি খুবই দুঃখজনক।’
ক্রিকেটের প্রধান সংস্থা আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) ফিউচার ট্যুর প্রোগ্রাম (এফটিপি) অনুযায়ী চলতি বছরের আগস্ট-সেপ্টেম্বরে অস্ট্রেলিয়া সফর করার কথা বাংলাদেশ দলের। সূচি অনুযায়ী ওই সফরে অস্ট্রেলিয়ার সঙ্গে দুটি টেস্ট ও তিনটি ওয়ানডে খেলার কথা বাংলাদেশের।
কিন্তু হঠাৎ করেই নিজেদের মাটিতে বাংলাদেশের সফর বাতিল করে দেয় অস্ট্রেলিয়া। আনুষ্ঠানিকভাবে এখনো কোনও কিছুই অস্ট্রেলিয়া জানায়নি বলে জানিয়েছেন, নিজাম উদ্দিন। বিভিন্ন সংবাদমাধ্যমের কাছ থেকে পাওয়া খবরের পরিপ্রেক্ষিকে নিজাম উদ্দিন বলেন, ‘সিএ’র কাছ থেকে আমরা এখনো আনুষ্ঠানিকভাবে কোনও প্রস্তাব পায়নি।’
তবে সিএ’র এক মুখপাত্র জানিয়েছেন, ‘দুই দেশের ক্রিকেট বোর্ডের সমঝোতায় বাতিল হয়েছে বাংলাদেশের অস্ট্রেলিয়ার সফর। বিসিবির সাথে আলাপ-আলোচনা করেই এমন সিদ্বান্ত নিয়েছে সিএ।’ সিএ’র মুখপাত্র’র এমন কথায় হতাশ হয়েছে বিসিবি। নিজাউদ্দিন বলেন, ‘এটি সত্যিই হতাশাজনক।’
তিনি আরও বলেন, ‘সিএ আমাদের সঙ্গে যোগাযোগ করেছে এবং তারা বলেছে, চলতি বছর বাংলাদেশের অস্ট্রেলিয়ার সফর করা সম্ভব নয়। আমরা তাদের সমস্যা বুঝতে পেরেছি। কিন্তু আমরা তাদের সাথে কোনও সমঝোতায় যাইনি। আমরা তাদের বিকল্প প্রস্তাবও দিয়েছি। যাতে তারা শুধু ওয়ানডে সিরিজ খেলে। কিন্তু তাদের কাছ এখনো কোনও জবাব পায়নি। যদি তারা কোনও পারস্পারিক সমঝোতা করতে চায় তাতে আমরা একমত নই।’
এর আগে নিরাপত্তার খোড়া অজুহাতে বাংলাদেশে নিজেদের দু’টি সফর স্থগিত করেছিল সিএ। তবে ২০১৭ সালে দুই টেস্টের সিরিজ খেলতে বাংলাদেশ সফর করে অসিরা। পরবর্তীতে বাংলাদেশের নিরাপত্তা নিয়ে প্রসংশাও করেছিল সফরকারীরা।
ইত্তেফাক/কেআই
