ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট হিসেবে টানা দ্বিতীয় মেয়াদে জোকো উইদোদোর জয়ী হওয়ার আভাস পাওয়া গেছে। গতকাল বুধবার দেশটিতে প্রেসিডেন্ট ও আইনসভার নির্বাচন অনুষ্ঠিত হয়। সেই নির্বাচনে অনানুষ্ঠানিক ফলে প্রেসিডেন্ট পদে প্রতিদ্বন্দ্বি প্রাবো সুবিয়ান্তো থেকে উইদোদোর এগিয়ে রয়েছেন। তবে নির্বাচন কমিশন আনুষ্ঠানিক ফল জানাবে আগামী মে মাসে।
নির্বাচনের বিভিন্ন পর্যবেক্ষকরা জানান, ১০ শতাংশ ভোটে উইদোদো এগিয়ে রয়েছেন। উইদোদো ৫৫ শতাংশ ও সুবিয়ান্তো ৪৫ শতাংশ ভোট পেয়েছেন। তবে প্রেসিডেন্ট উইদোদো আনুষ্ঠানিক ফলাফলের জন্য সবাইকে অপেক্ষা করতে বলেছেন।
সুবিয়ান্তো অবশ্য প্রাথমিকভাবে নির্বাচনে ৬২ শতাংশ ভোট পাওয়ার দাবি করেছিলেন। ভোটকেন্দ্রে গণনায় কোনো অনিয়ম হয় কি না তাও সমর্থকদের লক্ষ্য রাখতে বলেন। পরবর্তীতে সমর্থকদের উদ্দেশ্যে সুবিয়ান্তো বলেন, ইন্দোনেশিয়ার সকল জনগণের প্রেসিডেন্ট হতে যাচ্ছেন তিনি।
আরও পড়ুন : প্রধানমন্ত্রী ব্রুনাই যাবেন রবিবার
প্রায় ১৮ হাজার দ্বীপ নিয়ে গঠিত ইন্দোনেশিয়া। এখানে ৮ লাখ ভোট কেন্দ্রে মানুষ তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন। ১৯ কোটির বেশি ভোটার রয়েছেন দেশটিতে। নির্বাচনের দায়িত্বে নিয়োজিত ছিলেন ৫০ লাখ মানুষ। তাই একদিনে বিশ্বের সর্ববৃহৎ ভোটের আয়োজন ধরা হচ্ছে এটিকে। এমন একটি জটিল ভূ-প্রকৃতির দেশে নির্বাচনের পুরো ফলাফল পেতে কয়েক সপ্তাহও লেগে যেতে পারে।
ইত্তেফাক/কেআই
