ভারতের দক্ষিণাঞ্চলীয় রাজ্য কর্ণাটকে শনিবার ভোট গ্রহণ করা হয়েছে। এই নির্বাচনের মাধ্যমে আগামী বছরের সাধারণ নির্বাচনের ফলাফলের একটি আভাস পাওয়া যাবে বলে ধারণা করা হচ্ছে। কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে স্থানীয় সময় সকাল ৭টায় ভোট গ্রহণ শুরু হয় এবং সন্ধ্যা ৬টা পর্যন্ত ভোট গ্রহণ করা হয়। খবর সিনহুয়া’র।
এই নির্বাচনে আঞ্চলিক বিধানসভার ২২৪টি আসনের মধ্যে ২২২টি আসনের জন্য প্রার্থীদের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে। এই বিধানসভা ভারতের প্রধান বিরোধী দল কংগ্রেস পার্টির নেতৃত্বে পরিচালিত হচ্ছে। একজন প্রার্থীর মৃত্যুর কারণে একটি আসনের ভোট বাতিল করা হয়েছে। নির্বাচন কমিশন আরেকটি আসনের ভোট গ্রহণ স্থগিত করেছে।
ক্ষমতা ধরে রাখতে পারলে এই রাজ্যে কংগ্রেসের ভিত আরো মজবুত হবে। অন্যদিকে, বিজেপি জিতলে নরেন্দ্র মোদীর কংগ্রেসমুক্ত ভারতের স্বপ্ন আরেক ধাপ এগিয়ে যাবে। এদিকে কংগ্রেসের অভিযোগ, দুর্নীতিতে অভিযুক্ত নেতারাই বিজেপির প্রথম সারিতে রয়েছেন। জেল ফেরত ইয়েদুরাপ্পা গেরুয়া শিবিরের মুখ্যমন্ত্রী পদপ্রার্থী। খনি কেলেঙ্কারিতে অভিযুক্ত হয়েও তিনি এবারের নির্বাচনে টিকিট পেয়েছেন। সিনহুয়া।
ইত্তেফাক/সেতু
