দিনাজপুর সদর উপজেলার চুনিয়াপাড়ায় বাস-অটোবাইকের মুখোমুখি সংঘর্ষে বাবা-মেয়েসহ ৩ জন নিহত হয়েছেন। এসময় ২জন অটোবাইক আরোহী আহত হয়েছেন। বৃহস্পতিবার দিনাজপুর-ফুলবাড়ী মহাসড়কের সদর উপজেলার চুনিয়াপাড়াতে এই সড়ক দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, নাটোর জেলার বাগাতিপাড়া উপজেলার জামালপুর গ্রামের আফসার আলীর ছেলে আশরাফুল আলম (৩২), তার কন্যা আইভি (১০) ও সাজদার খলিফা (৪৮)। আহত দুই জন হলেন, নাটোর জেলার বাগাতিপাড়া উপজেলার জামালপুর গ্রামের আফসার আলী (৭০) ও পার্বতীপুর উপজেলার শীলবাড়ী গ্রামের মোস্তফা কামাল (৩৮)।
আরও পড়ুন: মালিবাগ কাঁচাবাজারের আগুন নিয়ন্ত্রণে
দিনাজপুর কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেদওয়ানুর রহিম জানান, দিনাজপুর থেকে ছেড়ে যাওয়া ফুলবাড়ী মুখী বাসের সাথে দিনাজপুরের পথে আসা অটোবাইকের মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে ঘটনাস্থলে আশরাফুল আলম, তার কন্যা আইভি ও সাজদার খলিফা নিহত হন। খবর পেয়ে ঘটনাস্থল থেকে নিহতদের লাশ ও আহতদের উদ্ধার করে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ঘাতক বাসটি পালিয়ে গেছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, দুর্ঘটনার সময় নিহত শিশু আইভি বাসের নিচে আটকে থাকায় বাসটি দুর্ঘটনাস্থলের কিছুদুর পরে থেমে আইভিকে বের করে দ্রুত পালিয়ে যায়।
ইত্তেফাক/এমআরএম
