কারাবন্দি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তি ও তার চিকিৎসার দাবিতে আগামীকাল সোমবার সারাদেশে বিক্ষোভ ডেকেছে দলটি। গতকাল শনিবার নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন করে এই কর্মসূচি ঘোষণা করেন বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী। কর্মসূচি অনুযায়ী সোমবার ঢাকা মহানগরসহ দেশের সব মহানগর, থানা ও উপজেলা সদরে বিক্ষোভ করবে দলটি।
সংবাদ সম্মেলনে খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি ও সুচিকিত্সা নিশ্চিতের দাবি জানিয়ে রিজভী বলেন, বেগম জিয়া এবং নিরপেক্ষ সরকারের অধীনে ছাড়া এদেশে কোনো জাতীয় নির্বাচন হবে না। জনগণ হতে দেবে না। এজন্য নির্দলীয় নিরপেক্ষ সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করে অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের পথ সুগম করতে সরকারের প্রতি আহ্বান জানান তিনি।
সংবাদ সম্মেলনে সরকারের হুঁশিয়ারি উচ্চারণ করে রিজভী বলেন, আমি সরকারকে বলতে চাই জুলুম-নির্যাতন করার দিন ফুরিয়ে এসেছে। আপনাদের কারণেই মানুষ সংজ্ঞাহীন, মৃত্যুর দোলাচলে। খুব শিগগিরই জনগণ আপনাদের প্রতিহত করবে।
সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন- বিএনপির ভাইস চেয়ারম্যান নিতাই রায় চৌধুরী, যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, সাংগঠনিক সম্পাদক রুহুল কুদ্দুস তালুকদার দুলু প্রমুখ।
ইত্তেফাক/কেকে
