ইন্দোনেশিয়ায় তিন গির্জায় বোমা হামলায় নিহত ৯

আপডেট : ১৩ মে ২০১৮, ১২:১৮
ইন্দোনেশিয়ায় তিনটি গির্জায় একযোগে চালানো আত্মঘাতী বোমা হামলায় কমপক্ষে ৯জন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ৪০জন। তাদের মধ্যে দুই পুলিশ কর্মী রয়েছেন।
 
স্থানীয় পুলিশের মুখপাত্র ফ্রান্স বারুং মাঙ্গেরা জানিয়েছেন, জাভা দ্বীপের পূর্ব উপকূলে অবস্থিত সুরাবায়া শহরের তিনটি গির্জায় রবিবার সকালে এ হামলা চালানো হয়েছে। এ খবর দিয়েছে সিএনএন।
 
খবরে বলা হয়, সুরাবায়া শহরের সান্তা মারিয়া ক্যাথলিক চার্চ, দ্য ইন্দোনেশিয়ান ক্রিশ্চিয়ান চার্চ ও পেন্টকোস্ট সেন্ট্রাল চার্চে একযোগে হামলা চালানো হয়েছে। এরমধ্যে সান্তা মারিয়া গির্জায় চালানো হামলায় নিহত হয়েছেন ৪জন। বাকি দুই চার্চে চালানো হামলায় নিহত হয়েছেন দুইজন করে। পরবর্তীতে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান আরো একজন।
 
মাঙ্গেরা জানান, স্থানীয় সময় সকাল ৭টা ৩০ মিনিটে প্রথম হামলা চালানো হয় সান্তা মারিয়া চার্চে। এরপর ইন্দোনেশিয়ান ক্রিশ্চিয়ান চার্চে ৭টা ৩৫ মিনিটে ও পেন্টকোস্ট সেন্ট্রাল চার্চে ৮টায় হামলা চালানো হয়।
 
ইত্তেফাক/জেআই