বঙ্গবন্ধু স্যাটেলাইট উৎক্ষেপণে দেশবাসী খুশি হলেও বিএনপি খুশি না : হাছান মাহমুদ

আপডেট : ১৩ মে ২০১৮, ১৭:৩১
বঙ্গবন্ধু স্যাটেলাইট উৎক্ষেপণে দেশবাসী খুশি হলেও বিএনপি খুশি হতে পারেনি বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক এবং দলের অন্যতম মুখপাত্র ড. হাছান মাহমুদ এমপি। 
 
রবিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটির তৃতীয় তলার স্বাধীনতা হলে বাংলাদেশ স্বাধীনতা পরিষদ আয়োজিত 'বঙ্গবন্ধু স্যাটেলাইট উৎক্ষেপণ ও জননেত্রী শেখ হাসিনার মহাকাশ বিজয়' শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।  
 
ড. হাছান মাহমুদ বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে গত মেয়াদে আমরা সমুদ্র জয় করেছি আর এই মেয়াদে আমরা মহাকাশও জয় করেছি। সুতরাং বাংলাদেশের এই অর্জনে দেশের সমস্ত মানুষ শুধু নয় পৃথিবীতে যত জায়গায় বাংলাদেশী, বাঙ্গালি ও বাংলাদেশের শুভানুধ্যায়ীরা আছে সবাই খুশি হলেও একটি পক্ষ খুশি হতে পারে নাই। এরা কারা? এরা হচ্ছে বিএনপি। তাদের এমন রাজনৈতিক ধন্যদশা বঙ্গবন্ধু স্যাটেলাইট উৎক্ষেপণের পর সরকার এবং বাংলাদেশকে পর্যন্ত তারা (বিএনপি) অভিনন্দন জানাতে পারেনি। 
 
'বঙ্গবন্ধু স্যাটেলাইট ঘুরুক তারপর বলবো' বিএনপি নেতা মির্জা ফখরুল ইসলামের এমন বক্তব্যের কঠোর সমালোচনা করে তিনি বলেন, আমরা মনে করতাম বেগম খালেদা জিয়া একাই অজ্ঞ। এখন দেখছি মির্জা ফখরুল সাহেবরাও অজ্ঞ। নেত্রীর সঙ্গে থাকতে থাকতে বিশেষ কারণে অজ্ঞ হয়ে গেছেন। সুতরাং আশা করবো তারা (বিএনপি) এই হীনমন্যতার রাজনীতি থেকে বেরিয়ে আসবে এবং সরকারকে অভিনন্দন জানাতে লজ্জা লাগলেও অন্তত জাতিকে অভিনন্দন জানাবেন। যেটি তারা করতে ব্যর্থ হয়েছে। 
 
বিএনপি নেতারা খালেদা জিয়াকে জোর করে অসুস্থ বানাচ্ছেন মন্তব্য করে আওয়ামী লীগের অন্যতম মুখপাত্র ড. হাছান মাহমুদ বলেন, আদালতের রায়ে শাস্তিপ্রাপ্ত বেগম খালেদা জিয়া একজন সুস্থ মানুষ। তাকে বিএনপি নেতারা ডাক্তারের মতো মতামত দিয়ে অসুস্থ বানিয়ে দিচ্ছেন। এখন মির্জা ফখরুল ইসলামও ডাক্তার, মওদুদ আহমেদ ব্যারিস্টার হয়েও ডাক্তার, রিজভী আহমেদ আরও বড় ডাক্তার। সুতরাং উনাদের রাজনীতি হচ্ছে বেগম জিয়া অসুস্থ, তিনি হাটতে পারে না, বসতে পারে না। সুতরাং একজন দিব্যি সুস্থ মানুষ যাকে তার ডাক্তাররা পরীক্ষা করেছেন। তাদের পরীক্ষার ফলাফলের কথা না বলে নিজেরা বিশেষজ্ঞের মতামত দেয়া শুরু করেছে।  
 
বিএনপি নেতাদের উদ্দেশ্যে তিনি বলেন, রাজনীতির এই দৈন্যদশা থেকে বেরিয়ে আসুন। বেগম জিয়া যাতে সর্বোচ্চ চিকিৎসা সেবা পান সে জন্য সরকার সচেষ্ট এবং জেলকোর্ড অনুযায়ী সমস্ত সুযোগ সুবিধা এমনকি অতিরিক্ত সুযোগ সুবিধাও তাকে দেয়া হচ্ছে। 
 
সবুজবাগ থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক লায়ন চিত্ত রঞ্জন দাশের সভাপতিত্বে উপস্থিত ছিলেন আওয়ামী লীগ নেতা অধ্যাপক ফজলুল হক, এ্যাড. বলরাম পোদ্দার, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক অরুন সরকার রানা, আয়োজক সংগঠনের সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন টয়েল, জিন্নাত আলি খান জিন্নাহ প্রমুখ। 
 
ইত্তেফাক/ইউবি