খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম বলেছেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হত্যাকারীদের দ্রুত দেশে ফিরিয়ে এনে ফাঁসির রায় কার্যকর করা হবে।
রবিবার বিকেলে সাভারের হেমায়েতপুরের শ্যামপুর এলাকায় মৈত্রী সংঘ উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এ কথা বলেন।
খাদ্যমন্ত্রী আরো বলেন, খুব দ্রুত বঙ্গবন্ধুর বাকি খুনিদের দেশে ফিরিয়ে আনা হবে। বঙ্গবন্ধুকে যারা হত্যা করেছে তারা দেশের শত্রু ছিল। বর্তমান সরকার জঙ্গিদের কঠোরভাবে দমন করছে। এ সময় তিনি আগামী নির্বাচনে সবাইকে নৌকা মার্কায় ভোট দিয়ে আওয়ামী লীগকে ক্ষমতায় আনার জন্য এবং জঙ্গিবাদ ও মাদক থেকে দূরে থাকতে শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান। এর আগে মন্ত্রী মৈত্রী সংঘ উচ্চ বিদ্যালয়ে ডিজিটাল মাল্টিমিডিয়া ক্লাস রুম উদ্বোধন করেন।
অনুষ্ঠানে সাভার উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মঞ্জুরুল আলম রাজীব, ঢাকা জেলা উত্তর স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক সায়েম মোল্ল্যা প্রমুখ উপস্থিত ছিলেন।
ইত্তেফাক/ইউবি
