ভারতে ঝড়ে নিহত ৬৭

আপডেট : ১৪ মে ২০১৮, ১৩:৪৩
ভারতে রবিবার প্রচণ্ড ঝড় ও বজ্রপাতে দেশজুড়ে অন্তত ৬৭জন নিহত হয়েছেন। আহত হয়েছেন অনেকে। এর মধ্যে উত্তর প্রদেশ, অন্ধ্র প্রদেশ, পশ্চিম বঙ্গ ও রাজধানী দিল্লিতে হতাহতের ঘটনা ঘটেছে।
 
সাময়িকভাবে বন্ধ করে দেয়া হয় বিমানের অন্তত ৭০টি ফ্লাইট । পরে অবশ্য আবার চালু করা হয়। ব্যাঘাত ঘটে মেট্টো পরিষেবায়। এ খবর দিয়েছে দ্য টাইমস অফ ইন্ডিয়া ও এনডিটিভি।
 
খবরে বলা হয়, রবিবার দিল্লিতে ব্যাপক হারে ধূলিঝড়ের ঘটনা ঘটে। আজকের জন্যও ধূলিঝড়ের সতর্কতা জারি করা হয়েছে। ধূলিঝড়ের সঙ্গে বৃষ্টিপাত ও বজ্রপাতের ঘটনা ঘটে। ঝড়ে উত্তর প্রদেশেই কমপক্ষে ৩৮জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো ৫০জন। এছাড়া পশ্চিমবঙ্গে ১২, অন্ধ্র প্রদেশে ৯, দিল্লিতে ৫, এবং তেলেঙ্গানায় ৩জনের মৃত্যুর খবর পাওয়া গেছে।
 
উত্তর প্রদেশের বিভিন্ন জায়গায় বজ্রপাতের ঘটনা ঘটেছে। এর মধ্যে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে লক্ষ্মীপুর খেরি শহরে। সেখানে ধ্বংস হয়ে গেছে ৮০টি বাড়ি। আংশিকভাবে ধসে পড়েছে বেশ কয়েকটি ভবন। এছাড়া সম্ভল শহরের ৩১টি ভবন আংশিকভাবে ধসে গেছে ।
 
সরকারি সূত্রের বরাত দিয়ে টাইমস অফ ইন্ডিয়ার খবরে বলা হয়, সবচেয়ে বেশি গবাদি পশু মারা গেছে উত্তর প্রদেশের কাসগঞ্জে। বেশিরভাগ মৃত্যুর ঘটনা ঘটেছে গাছ পড়ে, দেয়াল ধসে ও বজ্রপাতে। এক ঘটনায়, একটি গুদাম ঘর ধসে পড়ে ৯জন নিহত হয়েছেন। ভিন্ন এক ঘটনায় বজ্রপাতে প্রাণ হারিয়েছেন এক ব্যক্তি।
 
ইত্তেফাক/ জেআর