কুমিল্লায় সহযোগীদের গুলিতে ডাকাত সদস্য নিহত

আপডেট : ১৪ মে ২০১৮, ১৩:০৪
 
কুমিল্লায় ডাকাতের গুলিতে দেলোয়ার হোসেন (২৫) নামে এক ডাকাত সদস্য নিহত হয়েছেন বলে জানা গেছে। সোমবার ভোররাতে জেলার নাঙ্গলকোট উপজেলার গুমকোট গ্রামে এ ঘটনা ঘটে।
 
নিহত ডাকাত দেলোয়ার নোয়াখালী জেলার হাতিয়া উপজেলার আহমেদপুর গ্রামের সেলিম উদ্দিনের ছেলে।
 
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার ভোর রাতে নাঙ্গলকোট উপজেলার গুমকোট গ্রামে প্রফুল্ল চন্দ্র দেবনাথের বাড়িতে সংঘবদ্ধ সশস্ত্র ডাকাতদল হানা দেয়। এ সময় বাড়ির লোকজনদের চিত্কারে স্থানীয় লোকজন এগিয়ে এসে ডাকাত দেলোয়ারকে আটক করে গণপিটুনী দেয়। এতে অপর ডাকাতদল তাকে ছিনিয়ে নিতে গুলি চালায়। ডাকাত দলের গুলিতে ওই বাড়ির বিধান চন্দ্র দেবনাথ ও রিগান চন্দ্র দেবনাথসহ তারা দুই ভাই এবং আটককৃত ডাকাত দেলোয়ার আহত হয়। পরে আহতদের নাঙ্গলকোট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
 
নাঙ্গলকোট থানার ওসি মোহাম্মদ আইয়ূব জানান, আহত ডাকাত দেলোয়ারের অবস্থার অবনতি হলে তাকে কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়। এ ঘটনায় থানায় মামলা হয়েছে।
 

ইত্তেফাক/এএম